‘রিমালে’ ক্ষতিগ্রস্ত ১২৭৪ শিক্ষাপ্রতিষ্ঠান

আপডেট : ১৫ জুন ২০২৪, ০৩:১৯ এএম

গত ২৬ ও ২৭ মে বাংলাদেশ উপকূলে তান্ডব চালায় ঘূর্ণিঝড় রিমাল। এ ঘূর্ণিঝড়ে দেশের উপকূলীয় জেলাগুলোসহ বিভিন্ন স্থানে প্রাথমিক ও মাধ্যমিকের ১২৭৪টি শিক্ষাপ্রতিষ্ঠান, কার্যালয় ও শিক্ষা কার্যালয়ের ক্ষতি হয়েছে। অর্থের হিসাবে যা প্রায় সাড়ে ৩২ কোটি টাকা। এসব প্রতিষ্ঠানের মধ্যে কিছু পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। কিছু প্রতিষ্ঠান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

গত বৃহস্পতিবার রিমালের ক্ষয়ক্ষতি নিয়ে মন্ত্রণালয়-ভিত্তিক প্রতিবেদন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জমা দেওয়া হয়েছে। সেই প্রতিবেদনে ঘূর্ণিঝড় রিমালে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ৬১৩টি স্কুল, ৫৬টি কলেজসহ মোট ৬৬৯টি শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য উঠে এসেছে। ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ ৩১ কোটি ৭৬ লাখ ৪৮ হাজার টাকা। এ ছাড়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বরিশাল ও খুলনা বিভাগের ৬০৫টি প্রাথমিক বিদ্যালয়, জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়, প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই), বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয় এবং উপজেলা শিক্ষা কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির পরিমাণ ৭৭ লাখ টাকা।

এ বিষয়ে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক সৈয়দ জাফর আলী বলেন, ‘রিমালে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্ষয়ক্ষতির তথ্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছি। এখন মন্ত্রণালয় থেকে অনুমোদন পেলে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে এগুলো সংস্কারের কাজ শুরু হবে।’

শিক্ষা মন্ত্রণালয়ের পাঠানো প্রতিবেদনে বলা হয়েছে, রিমালে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে পটুয়াখালী জেলায়। এই জেলায় ২১৮টি মাধ্যমিক বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত এসব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষাকার্যক্রম ব্যাহত হচ্ছে। এগুলো মেরামত বা সংস্কার করতে প্রায় ২০ কোটি টাকা প্রয়োজন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ ছাড়া বরিশাল বিভাগে ২৫৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও খুলনা বিভাগের ৩৮৫টি প্রাথমিক বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কাছে ঘূর্ণিঝড় রিমালে ক্ষয়ক্ষতির প্রতিবেদন পেশ ধরেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান। বিবরণ অনুযায়ী, এ ঘূর্ণিঝড়ে সাত হাজার ৪৮১ কোটি ৮৩ লাখ ৯ হাজার ২৫২ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। রিমালের প্রভাবে দমকা হাওয়া ও বৃষ্টিতে ৩৫ হাজার ৬০২ একর জমির ফসল সম্পূর্ণ বিনষ্ট হয়েছে। আংশিক ক্ষতি হয়েছে ৫৯ হাজার ৭৯৫ হেক্টর জমির ফসল।

কৃষির সার্বিক ক্ষতি ৭১২ কোটি ৪৮ লাখ ৩৬২ টাকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত