ঝিনাইদহ ৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকান্ডে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে এখনই অপরাধী বলা ঠিক হবে না বলে মনে করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মিন্টুর রিমান্ড প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের বলেন, ‘মামলা হওয়ার আগে, শাস্তি ঘোষণার আগে কাউকে অপরাধী বলা ঠিক নয় এটাই নিয়ম। জেলা সেক্রেটারি রিমান্ডে এমন উদাহরণ কী বিএনপি এবং জেনারেল এরশাদের আমলে আছে? আওয়ামী লীগের বিচার করার সৎ সাহস আছে।’
গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক একথা বলেন।
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পশুবাহী গাড়িগুলোকে যেখানে সেখানে রেখে যানজট সৃষ্টি না করার আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, ‘রাস্তার কারণে যানজট হবে, এমন পরিস্থিতি নেই। পশুর গাড়ি ও পশুর হাটের কারণে কিছু যানজট হয়। পশুবাহী গাড়ি ও পশুর হাট যত্রতত্র বসিয়ে যেন জনদুর্ভোগ না বাড়ানো হয়, এ ব্যাপারে যাদের দায়িত্ব রয়েছে, তারা যথাযথভাবে সেই দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনে মনোযোগ দিতে হবে এবং অনাকাক্সিক্ষত দুর্ঘটনা ও প্রাণহানি যাতে না ঘটে, সেজন্য মনিটরিং বাড়াতে হবে।’
বিশ্বের দেশে দেশে মূল্যস্ফীতি কষ্ট বাড়াচ্ছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশেও উদ্বেগের কারণ এই মূল্যস্ফীতি। সরকার এখানে কোনো কিছু চাপা দিয়ে সত্যকে আড়াল করে কিছুই করেনি। বাজেট বাস্তবতার আলোকে ভারসাম্যমূলক। অনেক দিন ধরে দীর্ঘ চিন্তাভাবনার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই বাজেট সংসদে উত্থাপিত হয়েছে।
তিনি বলেন, মুদ্রাস্ফীতি নিয়ে একসময় ইউরোপেও উদ্বেগ ছিল। প্রায় ১০ শতাংশ ছিল মুদ্রাস্ফীতি। আর্জেন্টিনার মতো দেশে মুদ্রাস্ফীতি ৩০০ শতাংশ। বিশ্বরাজনীতিতে প্রভাবশালী দেশ তুরস্কে ৭৩ শতাংশ মুদ্রাস্ফীতি। শ্রীলঙ্কা, পাকিস্তানসহ আশপাশের দেশেও মুদ্রাস্ফীতির অবস্থা ভালো নয়।
এ সময় বিএনপির দুর্নীতি প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘দুর্নীতিবাজরাই দুর্নীতির বিরুদ্ধে আজ কথা বলে। বিএনপির টপ টু বটম দুর্নীতিবাজ। দুর্নীতির বরপুত্র দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে ভালো মানুষ সাজাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম একটা বিবৃতি দিয়েছেন। মির্জা ফখরুল তার হুমকিতে অনেক কিছুই করেন। এখন বলছেন, তাকে সাজা দেওয়া যাবে না।’
ওবায়দুল কাদের বলেন, ‘তারেক রহমানের শাস্তি তো হয়েছে। এখন তাকে দেশে ফিরিয়ে এনে শাস্তি ভোগ করাতে হবে, এটাই প্রধানমন্ত্রী বলেছেন। তারেক রহমান যতদিন বিএনপির নেতৃত্বে থাকবেন, ততদিন বিএনপি স্বাধীনতা নিয়ে রাজনৈতিকভাবে আত্মপ্রকাশ ঘটাবে, এটা সম্ভব নয়।’
