নামিবিয়াকে হারিয়ে নিজেদের কাজটা করে রাখলো ইংল্যান্ড

আপডেট : ১৬ জুন ২০২৪, ০৮:১২ এএম

বাংলাদেশ সময় শনিবার রাত ১১টায় শুরু হওয়ার কথা ছিল ইংল্যান্ড-নামিবিয়া ম্যাচ। বৃষ্টির কারণে সেই ম্যাচ হওয়া নিয়ে দেখা দেয় শঙ্কা। তবে শুরু হলো রাত দুইটায়। ২০ ওভারের ম্যাচ নেমে এলো ১১ ওভারে।

অ্যান্টিগায় যে ম্যাচটি হয়েছে তাতেই যেন খুশি ছিল ইংল্যান্ড। ম্যাচটি না হলে যে প্রথম রাউন্ড থেকেই বিদায়ঘণ্টা বেজে যেত বর্তমান চ্যাম্পিয়নদের। পরে আরেকদফা বৃষ্টি এসে ম্যাচটাকে ১০ ওভারের বানিয়ে দিল।

শেষ পর্যন্ত ১০ ওভারের ম্যাচে নামিবিয়াকে ডিএলএস নিয়মে ৪১ রানে হারিয়ে সুপার এইটে ওঠার জন্য নিজেদের কাজটা করে রেখেছে ইংল্যান্ড।

ইংল্যান্ডকে তাকিয়ে থাকতে হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার দিকে। আজ রবিববার সকালে অস্ট্রেলিয়া-স্কটল্যান্ডকে হারালেই সুপার এইটে উঠবে ইংল্যান্ড।

‘বি’ গ্রুপের বৃষ্টিবিঘ্নিত ম্যাচটিতে টসে জিতে ফিল্ডিং নেয় নামিবিয়া। ২.১ ওভারে ১৩ রানে ২ উইকেট হারিয়ে ফেলা ইংল্যান্ডকে উদ্ধার করেন জনি বেয়ারস্টো ও হ্যারি ব্রুক। তাদের ৩০ বলে ৫৬ রানের তৃতীয় উইকেট জুটিতে ঘুরে দাঁড়ায় ইংলিশরা।

৩ চার ও ২ ছক্কায় বেয়ারেস্টো ১৮ বলে ৩১ রান করে বিদায় নিলেও ব্রুক শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ২০ বলে ৪৭ রান করে। তাঁর ইনিংসে ছিল ৪টি চার ও ২ ছক্কায়। মঈন আলী ৬ বলে ১৬ ও লিয়াম লিভিংস্টোন ৪ বলে ১৩ রান করেন।

ইংল্যান্ড ৮ ওভারে ৩ উইকেটে ৮২ রান তোলার পর বৃষ্টি শুরু হয়। কিছুক্ষণ পরে খেলা শুরু হলেও এক ওভার কমে। শেষ দুই ওভারে ইংল্যান্ড তোলে ৪০ রান। তাতে ১০ ওভারে ৫ উইকেটে ১২২ রান তোলে ইংল্যান্ড।

ডিএলএস এ নামিবিয়ার লক্ষ্য দাঁড়ায় ১২৬। নামিবিয়া ৩ উইকেট হারিয়ে ৮৪ রানে থামে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত