গাজীপুরের টঙ্গীতে উড়াল সেতুর ডিভাইডারের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় আহত অপর বন্ধু ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।
নিহতেরা হলেন, গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী পশ্চিম থানার খরতৈইল এলাকার দুলাল সরদারের ছেলে দেলোয়ার। অপরজনের নাম রাকিব। তবে রাকিবের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। ঢাকা মেডিকেল চিকিৎসাধীন নাজিম টঙ্গী পশ্চিম থানার খরতৈইল এলাকার বাসিন্দা।
টঙ্গী পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আল আমিন বলেন, আজ সোমবার ভোর পৌনে ৪টার দিকে ঢাকা থেকে তিন বন্ধু মোটরসাইকেলে টঙ্গীর দিকে আসছিলেন। তাঁদের মোটরসাইকেলটি টঙ্গীর আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামের সামনে বিআরটি’র ফ্লাইওভারের ওপর ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল আরোহী তিন বন্ধু গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে প্রথমে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সেখানে তাঁদের অবস্থার অবনতি হলে তিনজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে দেলোয়ার ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাকিব মারা যান। গুরুতর আহত নাজিম ঢামেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় নিহত দেলোয়ার ও রাকিবের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
