বগুড়ায় ঈদের রাতে দুই যুবককে কুপিয়ে হত্যা করেছে দুবৃত্তরা। গতকাল সোমবার দিবাগত রাত দেড়টার দিকে শহরের নিশিন্দারা চকর পাড়ার ইউকালিপটাস বাগানের পাশে এই জোড়া হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। বগুড়া সদর থানার তদন্ত ইন্সপেক্টর শাহিনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন-নিশিন্দারা চকরপাড়া এলাকার দুদুর ছেলে শরীফ (২০) ও শফিকুল ইসলামের ছেলে রোমান। তাদের মধ্যে শরীফ থাইগ্রিলের ও রোমান ওষুধের ফার্মেসীতে কাজ করেন।
স্থানীয়রা জানান, ঈদের দিন দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চকরপাড়া এলাকার একটি গলিতে গোলাগুলির শব্দ শোনেন। কিছুক্ষণ পর তারা বেরিয়ে দেখেন এলাকার বাগানের পাশে পাশাপাশি ৩০ গজের মধ্যে রক্তাক্ত অবস্থায় শরিফ ও রোমানের লাশ পড়ে আছে। এস ময় পাশেই আহত অবস্থায় উদ্ধার করা হয় তাদের আরেক বন্ধু হোসেনকে।
নিহত শরীফের স্বজনরা জানান, বাসায় রাতের খাবার খাওয়ার পরপরই কেউ একজন মোবাইল ফোনে শরিফকে ডেকে নেয়। পরে এলাকায় গোলাগুলির শব্দ শুনে তারা বাইরে এসে দেখেন স্থানীয় এক নেতার নেতৃত্বে ১৫/২০ জনের একটি দল শরীফ, রোমান ও হোসেনকে কুপিয়ে রক্তাক্ত জখম করে ফেলে যায়। পরে হোসেনকে আহত অবস্থায় উদ্ধার করা গেলেও ঘটনাস্থলেই মারা যায় শরীফ ও রোমান।
সদর থানার তদন্ত ইন্সপেক্টর শাহিনুজ্জামান জানান, রাতেই ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কী কারণে এই হত্যাকান্ড ঘটেছে তার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। রাত থেকে হত্যার রহস্য উদঘাটনে জেলা পুলিশের একাধিক টিম কাজ করছে
