সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি অবনতি: সকল পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

আপডেট : ১৯ জুন ২০২৪, ০৪:১৪ পিএম

সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি অবনতি হওয়ার কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে জেলার তাহিরপুর উপজেলার পর্যটনকেন্দ্র টাঙ্গুয়ার হাওর, নিলাদ্রী লেকসহ উপজেলার সকল পর্যটন কেন্দ্রগুলো।

বুধবার (১৯ জুন) সকালে তাহিরপুরের এ সকল পর্যটন কেন্দ্রে পর্যটকদের আগমনের ওপর নিষেধাজ্ঞা জারি করেন তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা সালমা পারভিন।

তিনি জানান, পাহাড়ি ঢলে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এতে পর্যটকদের নিরাপত্তার কথা ভেবে টাঙ্গুয়ার হাওর, নিলাদ্রী লেক, বারেকটিলা, শিমুল বাগানসহ বিভিন্ন পর্যটন স্পট বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ এ নির্দেশ বহাল থাকবে।

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতে সুনামগঞ্জে দেখা দিয়েছে বন্যা। বন্যায় তলিয়ে গেছে রাস্তাঘাট। পানি বাড়তে থাকায় ডুবছে নতুন নতুন এলাকা। এতে জনদুর্ভোগ পৌঁছেছে চরমে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত