শ্যামনগরে বজ্রপাতে দুইজনের মৃত্যু

আপডেট : ২০ জুন ২০২৪, ০৫:২৬ পিএম

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরার ঘেরের বাসায় আশ্রয় নেয়া অবস্থায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় আরও তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, দক্ষিণ বেদকাশি গ্রামে আহম্মদ আলী সরদারের ছেলে এনায়েত সরদার (৪৫) ও মাটিয়াভাঙ্গা গ্রামে আল-আমিন গাজীর পুত্র নাজমুল হোসেন (১৪)। স্বজনরা নিহতদের মরদেহ তাৎক্ষণিক কয়রার বাড়িতে নিয়ে যায়। আর আহতদের চিকিৎসার জন্য শ্যামনগর উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএম মাসুদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাতক্ষীরার শ্যামনগরের বাড়ি হতে আত্মীয়ের বাসায় যাওয়ার পথে বজ্রপাতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। 

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, আজ দুপুরে হঠাৎ বৃষ্টি শুরু হলে গাবুরার গাগড়ামারি ও নেবুবুনিয়ার মাঝামাঝি এলাকায় ফাঁকা ঘেরের বাসায় ৪-৫ জন অবস্থান নেন। সেখানেই বজ্রপাতে ২ জন মারা  যান ও ৩ জন আহত হন। 
 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত