তিস্তায় নৌকা ডুবে একই পরিবারের ৪ জনসহ নিখোঁজ ৬

আপডেট : ২১ জুন ২০২৪, ০৬:১৬ এএম

কুড়িগ্রামের উলিপুরের তিস্তা নদীতে ২৫ যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ রয়েছে ছয়জন। এদের মধ্যে চারজনই শিশু আর দুজন স্বামী-স্ত্রী। ছয়জনের মধ্যে একই পরিবারের চারজন। নৌকাটি ডুবে যাওয়ার পর একযাত্রীর লাশ উদ্ধার হয়েছে এবং বাকি ১৮ যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। এদিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।

গত বুধবার সন্ধ্যার আগে কুড়িগ্রামের উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের পুরাতন বজরাঘাট থেকে নৌকায় করে দাওয়াত খেতে যাচ্ছিল শিশু, নারীসহ ২৫ জন যাত্রী। নৌকাটি তিস্তার ওপারে একই ইউনিয়নের দামারহাট ঘাটের কাছাকাছি পৌঁছাতেই তিস্তার তীব্র স্রোতে ডুবে যায়। স্থানীয়দের সহায়তায় ও সাঁতার কেটে জীবিত উদ্ধার হয় ১৮ জন। পরে ঘটনাস্থল থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। আর বাকি ছয়জনকে উদ্ধারে নদীতে তল্লাশি চালাচ্ছে রংপুর ও কুড়িগ্রাম থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল। কিন্তু তীব্র স্রোতে ব্যাহত হচ্ছে উদ্ধার কার্যক্রম।

সরেজমিনে দেখা গেছে, নদীর পাড়ে কান্নায় ভেঙে পড়ছেন স্বজনরা। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে অপেক্ষা করছেন তারা। সবার অপেক্ষা নৌকাডুবির ঘটনায় নিখোঁজদের সন্ধান পাওয়া জন্য।

কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শরিফুল ইসলাম বলেন, তিস্তা নদীতে ২৫ জন যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে যায়। জীবিত ১৮ জনকে উদ্ধার করা হয়। এখনো একই পরিবারের শিশুসহ চারজন নিখোঁজ রয়েছে। নিখোঁজদের সন্ধান না পাওয়া পর্যন্ত উদ্ধার কাজ অব্যাহত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত