যতবার হ্যাটট্রিকের শিকার মাহমুদউল্লাহ

আপডেট : ২১ জুন ২০২৪, ০৪:৩৯ পিএম

নিভৃতে-নির্জনে পারফরম করে যান মাহমুদউল্লাহ রিয়াদ। অনেক সময় তার অবদান থেকে যায় আড়ালে। তাই তাকে বলা হয় ‘সাইলেন্ট কিলার’। বড় মঞ্চে বাংলাদেশের হয়ে বহুবার হাল ধরেছেন তিনি। নামের পাশে জুড়িয়েছেন অনেক কীর্তি। তাই ভক্তদের প্রশংসার পাত্রও হয়েছেন। কিন্তু এবার এমন কীর্তির সঙ্গে নাম জড়িয়েছে তার, যা ভুলতে চাইলেও ইতিহাস থেকে মুছে ফেলা যাবে না।

এ নিয়ে মোট ছয়বার বোলারের হ্যাটট্রিকের অংশ হলেন মাহমুদউল্লাহ। বলা ভালো, তিনি সবচেয়ে দুর্ভাগা। ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে মাহমুদউল্লাহই যে সবচেয়ে বেশিবার হ্যাটট্রিকের অংশ হয়েছেন!

অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে আজ টি–টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ডিএলএস পদ্ধতিতে ২৮ রানে হেরেছে বাংলাদেশ। এই ম্যাচে হ্যাটট্রিক করেন অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স। ১৮তম ওভারের শেষ দুই বল ও ২০তম ওভারের প্রথম বলে উইকেট নেন কামিন্স, যা এবার টি–টোয়েন্টি বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক।

কামিন্সের টানা তিন বলে উইকেট নেওয়ার পথে প্রথম শিকার মাহমুদউল্লাহ। ১৮তম ওভারের পঞ্চম বলে কামিন্সের অফ স্টাম্পের বাইরের খাটো লেংথের ডেলিভারি পুল করতে গিয়ে বল স্টাম্পে টেনে নেন মাহমুদউল্লাহ। বোল্ড! কামিন্সের পরের দুটি বলে মেহেদী হাসান ও তাওহিদ হৃদয়ও আউট হন। আন্তর্জাতিক ক্রিকেটে এ নিয়ে ষষ্ঠবার হ্যাটট্রিকের অংশ হলেন মাহমুদউল্লাহ। আর কোনো ব্যাটসম্যানকেই এমন দুর্ভাগ্যের মুখোমুখি হতে হয়নি। টি–টোয়েন্টিতে তিনবার, ওয়ানডেতে দুবার ও টেস্টে একবার।

মাহমুদউল্লাহর এই দুর্ভাগ্যের শুরু ২০১৫ সালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে। সে ম্যাচে হ্যাটট্রিক করা অভিষিক্ত প্রোটিয়া পেসার কাগিসো রাবাদার টানা তৃতীয় শিকার ছিলেন তিনি।

তিন বছর পর ২০১৮ সালে শেরেবাংলা স্টেডিয়ামেই ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে আবারও একই দুভার্গ্যের শিকার হন মাহমুদউল্লাহ। লঙ্কান পেসার দিলশান মাদুশঙ্কার তুলে নেওয়া হ্যাটট্রিকে শেষ উইকেটটি ছিলেন তিনি।

ওয়ানডেতে দুবার হ্যাটট্রিকের অংশ হওয়ার পর টেস্টে একই দুর্ভাগ্যের শিকার হন মাহমুদউল্লাহ। ২০২০ সালে রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানি পেসার নাসিম শাহর হ্যাটট্রিকে শেষ উইকেটটি ছিলেন মাহমুদউল্লাহ।

ওয়ানডে ও টেস্টে তিনবার হ্যাটট্রিকের অংশ হওয়ার পথে প্রতিবারই শেষ উইকেট ছিলেন মাহমুদউল্লাহ।

টি–টোয়েন্টিতে ২০২১ সালে শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে সিরিজে তৃতীয় ম্যাচে ইনিংসের শেষ ওভারে হ্যাটট্রিক করেন অস্ট্রেলিয়ার পেসার নাথান এলিস। এর মধ্যে প্রথম উইকেটটি ছিল মাহমুদউল্লাহর।

এ বছর একই সংস্করণে দুবার হ্যাটট্রিকের অংশ হয়েছেন মাহমুদউল্লাহ। গত মার্চে সিলেটে সিরিজের তৃতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিক করেন শ্রীলঙ্কার পেসার নুয়ান তুষারা।

সে পর্যন্ত মোট পাঁচবার হ্যাটট্রিকের অংশ হয়েছিলেন মাহমুদউল্লাহ। তাতেই অবশ্য রেকর্ডটি আগেই গড়া হয়ে গিয়েছিল। তিন সংস্করণ মিলিয়ে আর কোনো ব্যাটসম্যান যে তিনবারের বেশি হ্যাটট্রিকের অংশ হননি। কিন্তু আজ ষষ্ঠবারের মতো হ্যাটট্রিকের অংশ হতে হলো তাকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত