চট্টগ্রামের আনোয়ারায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১৮টি বসতঘর পুড়ে গেছে। রবিবার (২৩ জুন) সকাল ১০টার দিকে উপজেলার বটতলী ইউনিয়নের পূর্ব বরৈয়া গ্রামের বদরুদ্দোজা মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, সকালে আবদুল কাদেরের বসতঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে একে একে ১৮টি বসতঘর ও ঘরে থাকা মালামাল পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও স্থানীয়রা প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ১৮টি বসতঘরের প্রায় ৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্তরা।
আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন মহিউদ্দীন মন্টু, আহমদ হাসান, মোহাম্মদ হোসেন, আলমাস খাতুন,মোহাম্মদ আনোয়ার, হুমায়ুন পারভেজ, মোহাম্মদ ইউনুছ, নুরুল আলম, শাহ আলম, মোহাম্মদ ইদ্রিস, জেসমিন আক্তার, আবদুল মান্নান, আবদুস সবুর, আবদুর রহিম, আবদুল হাকিম, আবদুল গফুর, আবদুল কাদের ও শফিউল আলম।
আনোয়ারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মুজিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
গোপালগঞ্জে ‘কথা বলা’ গাছের পেছনে ছুটছে মানুষ!