রাজধানীর কামরাঙ্গীরচর কোম্পানীঘাট এলাকায় একটি ব্যাটারি তৈরি কারখানায় গলিত গরম সিসা শরীরে পড়ে ৩ কর্মীচারী দগ্ধ হয়েছেন। তবে তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। সোমবার (২৪ জুন) বিকেল পৌনে ৫টার দিকে কোম্পানীঘাট বেরিবাধ এলাকায় ‘পান্না ব্যাটারি’ নামে কারখানায় এই দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন, আবুল হোসেন (৪০), তোফাজ্জল হোসান (২৮) ও সাইফুল ইসলাম (২৪)।
দগ্ধরা ও তাদের সহকর্মীরা জানান, তারা ৩ জনই কারখানাটির শ্রমিক। বিকেলে কারখানায় বয়লারে সিসা গলানোর কাজ করছিলেন। এ সময় বয়লারের উপরে লাগানো বৈদ্যুতিক মোটর যান্ত্রিকত্রুটির কারণে বিস্ফোরণ হয়ে বয়লারের ভেতর পড়ে। তখন বয়লারে থাকা গরম তরল সিসা ছিটকে চারপাশে পড়তে থাকে। এতে ওই সিসা ৩ কর্মচারীর শরীরের বিভিন্ন জায়গায় পড়লে তারা দগ্ধ হন।
ঘটনার পর সঙ্গে সঙ্গে তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।
ইনস্টিটিউটটির জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, আবুল হোসেনের দুই হাতসহ শরীরের কিছু জায়গায় দগ্ধ হয়েছে। বাকি দুজনের শরীরে একেবারে সামন্য পরিমাণ দগ্ধ হয়েছে। তাদের ৩ জনকেই পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে তাদের অবস্থা আশঙ্কামুক্ত।
