প্রসাধন এবং মেকআপ নিয়ে ভালো ধারণা ও আগ্রহ থাকলে মেকআপ আর্টিস্ট বা বিউটি কনসালট্যান্ট হিসেবে ক্যারিয়ার বেছে নিতে পারেন।
কোথায় কাজ করবেন
বর্তমানে কালারপপ, নিক্স, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডসহ বেশ কিছু কোম্পানির প্রসাধন সামগ্রী বিক্রি হয় অনলাইন সার্ভিসের মাধ্যমে এবং মেকআপ সামগ্রীর দোকানে। বিউটি কনসালট্যান্ট বা মেকআপ আর্টিস্ট হিসেবে এক্ষেত্রে আপনি অনলাইন সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান কিংবা শুধু মেকআপ সামগ্রী বিক্রি এবং ক্রেতাদের পরামর্শ প্রদান করে এমন প্রতিষ্ঠান বা দোকানগুলোতে কাজ করতে পারেন। মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করার ক্ষেত্রে বড় ধরনের প্রতিষ্ঠান হচ্ছে বিউটি স্যালন। বিউটি স্যালনগুলোতেও বিউটি কনসালট্যান্ট পদে নিয়োগ দেওয়া হয় যেখানে মেকআপ আর্টিস্ট থেকে বিউটি কনসালট্যান্টের কাজ কিছুটা আলাদা হয়।
শিক্ষাগত যোগ্যতা
মেকআপ আর্টিস্ট নিয়োগের ক্ষেত্রে ধরাবাঁধা কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয় না। তবে বিষয়টি কাজ ও প্রতিষ্ঠানসাপেক্ষ। বেশিরভাগ ক্ষেত্রে স্বনামধন্য প্রতিষ্ঠানগুলো স্নাতক ডিগ্রি আছে এমন কাউকে নিয়োগ দিতে আগ্রহী থাকে।
কী শিখবেন
বর্তমানে বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠান মেকআপ প্রশিক্ষণ দিয়ে থাকে। যেমন সৃজনশীল মেকআপ কোর্স, স্পেশাল ইফেক্ট মেকআপ কোর্স, হেয়ার স্টাইলিং ডিপ্লোমা কোর্স, ফাউন্ডেশন মেকআপ কোর্স, ফটোগ্রাফিক এবং মিডিয়া কোর্স। কোর্স শেষে দেওয়া হয় সার্টিফিকেট।
কাজের সুযোগ
মেকআপ আর্টিস্টরা ইভেন্ট এবং প্রদর্শনীর জন্য আর্টিস্টদের নানাভাবে মেকওভার করেন।
সিনেমা, চলচ্চিত্র নির্মাতারা অভিনেতাদের স্টাইল করার জন্য সিনেম্যাটিক মেকআপ আর্টিস্টদের ব্যবহার করেন। মেকআপকে স্বাভাবিক মনে করতে তারা সেট আলোর সঙ্গেও কাজ করেন।
ফ্যাশন মডেলদের মেকআপ আর্টিস্টরা তাদের পোশাকের পরিপূরক মেকআপ দিয়ে মডেলদের আরও সুন্দর করে তোলেন। সব টিভি চ্যানেলে এখন মেকআপ আর্টিস্টরা কাজ করে থাকেন। শুধু টিভি চ্যানেলে নয় এই পেশার চাহিদা রয়েছে অনলাইন পত্রিকায়ও। আর্টিস্টরা মূলত যে কাজগুলো করেন তাহলো হেয়ারস্টাইল, ভ্রু প্লাক, শাড়ি ও অন্যান্য পোশাক পরিধান করানো এবং ক্যামেরা ফেস অনুযায়ী মেকআপ করা।
বেতন কেমন
মাসিক সম্মানীর বিষয়টি কাজ ও প্রতিষ্ঠানসাপেক্ষে হয়ে থাকে। মেকআপ আর্টিস্টের কাজ নির্দিষ্ট হওয়ায় এই পদের জন্য মাসিক সম্মানীর পরিমাণ সাধারণত কম হয়। বিষয়টি কাজ ও প্রতিষ্ঠানসাপেক্ষ হলেও একজন বিউটি কনসালট্যান্ট সাধারণত মাসে ৫০থেকে ৮০ হাজার টাকার মতো সম্মানী পেয়ে থাকেন। আর মেকআপ আর্টিস্ট সাধারণত মাসে২০ থেকে ৩৫ হাজার টাকা পেয়ে থাকেন, যদিও বিষয়টি কাজ ও প্রতিষ্ঠানসাপেক্ষ।
