বগুড়ায় বোনারপাড়া থেকে সান্তাহারগামী কলেজ ট্রেনের একটি বগি লাইনচ্যুত ও সান্তাহার থেকে লালমনিরহাটগামী আন্তঃনগর ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার ঘটনা ঘটেছে।
আজ মঙ্গলবার (২৫ জুন) সকাল ৮টা ২০মিনিটে জেলার সুখানপুকুর স্টেশনে লাইনচ্যুত এবং ৮টা ২৩ মিনিটে গাবতলী ও সুখানপুকুর স্টেশনের মাঝামাঝি স্থানে ইঞ্জিন বিকল হওয়ার ঘটনা ঘটে। বেলা ১২টার দিকে সুখানপুকুর স্টেশন মাস্টার আব্দুল মতিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বোনারপাড়া থেকে ছেড়ে আসা কলেজ ট্রেন ৪৯২ ডাউন ট্রেনটি সান্তাহারের উদ্দেশ্যে যাচ্ছিল। সকাল ৮টা ২০মিনিটে সুখান পুকুর স্টেশনে ২নং লাইনে নেওয়া হলে শেষের দিকের একটি বগি লাইনচ্যুত হয়। আবার সকালে পদ্মরাগ মেইল ট্রেনটি সান্তাহার থেকে লালমনিরহাটের উদ্দেশ্যে রওনা দেয়। সেটি ৮ টা ২৩ মিনিটে গাবতলী স্টেশন ও সুখানপুকুর স্টেশনের মাঝামাঝি জায়গায় ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে লাইনচ্যুত ট্রেনের ইঞ্জিন দিয়ে বিকল ট্রেনটি স্টেশনে এনে রেল যোগাযোগ সচল করা হয়।
