বুড়িগঙ্গায় তেলের  নৌযানে আগুন শ্রমিক নিহত

আপডেট : ২৭ জুন ২০২৪, ০২:৪০ এএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে জ্বালানি তেলবাহী নৌযানে বিস্ফোরণের ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আরও দুই শ্রমিক নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। গতকাল বুধবার দুপুর দেড়টার দিকে মেঘনা ডিপোর জেটি সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে নৌযানটিতে আগুন লাগে। পরে বেলা সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট। 

আগুন নিয়ন্ত্রণের পর নৌযানথেকে এক শ্রমিকের পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় পাওয়া যায়নি। আরেক শ্রমিককে ঘটনার পরপরই ঢাকায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

অগ্নিকাণ্ডের ঘটনায় নৌযানে থাকা শতাধিক তেলের ড্রাম বিস্ফোরিত হয়। বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকা কেঁপে ওঠে। মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। আগুন লাগার সময় ওই ট্রলারে চার শ্রমিক ছিল। ঘটনার পর একজন নদীর পাড়ে উঠতে পারলেও বাকিরা নিখোঁজ।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন জানান, ট্রলারের আগুনের ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ঘটনাস্থলে আসা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিদারুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় আমরা ডিপোর সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি। আমরা যতটুকু জেনেছি ট্রলারটিতে ডিজেল ও পেট্রল লোড করা ছিল। এ সময় তেলের ড্রামবাহী ট্রলারে চারজন শ্রমিক রান্না করছিলেন বলে শুনেছি। হয়তো সেখানে থেকে এ ঘটনা ঘটতে পারে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত