কনে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল ভাইবোনের

আপডেট : ২৭ জুন ২০২৪, ০২:৪৪ এএম

বিয়ের জন্য পাত্রী দেখতে যাওয়ার পথে পাবনা সদর উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ভাইবোন নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ঢাকা-পাবনা মহাসড়কের ধোপাঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। এছাড়া ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে ভারতীয় চিনি বোঝাই ট্রাকচাপায় হাইওয়ে পুলিশ কনস্টেবল এবং নওগাঁর মান্দায় ভটভটি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:

পাবনা : গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে বিয়ের জন্য পাত্রী দেখতে যাওয়ার পথে পাবনা সদর উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বেড়া পৌর এলাকার শালকিপাড়ার রাজকুমার হালদারের ছেলে প্রদীপ হালদার এবং তার বোন শম্পা রানী নিহত হন। এ ঘটনায় একই পরিবারের আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও হতাহত ব্যক্তিদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রদীপ কুমারের জন্য কনে দেখতে পরিবারের সদস্যরা মিলে একটি সিএনজিচালিত অটোরিকশায় নিজ গ্রাম থেকে পাবনা জেলা শহরের দিকে যাচ্ছিলেন। পথে পাবনা সদরের ধোপাঘাটা এলাকায় একটি দ্রুতগামী ট্রাক অটোরিকশাটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে মহাসড়কেই অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রদীপ কুমারের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় অন্যদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে আনা হলে চিকিৎসক শম্পাকে মৃত ঘোষণা করেন।

পাবনা সদর থানার ওসি রওশন আলী বলেন, অটোরিকশাটি বেড়া থেকে পাবনার দিকে যাচ্ছিল। পথে ঢাকা-পাবনা মহাসড়কের ধোপাঘাটা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সাতজন সিএনজি যাত্রী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। বাকিরা চিকিৎসাধীন রয়েছেন।

হবিগঞ্জ : ঢাকা-সিলেট মহাসড়কের জেলার শায়েস্তাগঞ্জে ভারতীয় চিনি বোঝাই ট্রাকচাপায় হাইওয়ে পুলিশ কনস্টেবল রবিউল হক (২৭) নিহত হয়েছেন। তিনি গত মঙ্গলবার সুনামগঞ্জের জয়কলস হাইওয়ে থানা থেকে বদলি হয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় যোগ দেন। গতকাল ভোরে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সামনে চেকপোস্টে দায়িত্ব পালনকালে সিলেট থেকে ঢাকামুখী ভারতীয় চিনি বোঝাই একটি ট্রাককে দাঁড়ানোর জন্য সিগনাল দেন। এ সময় সিগনাল অমান্য করে চালক গাড়িটি রাস্তার পাশ দিয়ে নিয়ে যাওয়ার সময় গাড়ির চাকায় ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় অন্য পুলিশ সদস্যরা চালকসহ তিনজনকে আটক করেন।

আটক ব্যক্তিরা হলেন ট্রাকচালক কামাল, রমজান ও মনিরুল ইসলাম। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে মর্গে পাঠান। নিহত কনস্টেবল রবিউলের বাড়ি চট্টগ্রামের ভুজপুর থানায়।

নওগাঁ : নওগাঁর মান্দায় ভটভটি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী আওয়ামী লীগ নেতা আব্দুল কাদের (৪৬) নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৮টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের মোহাম্মদপুর সাইনবোর্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি নিয়ামতপুর উপজেলার পাড়ইল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, আব্দুল কাদের মান্দা উপজেলার ফতেপুরে একটি হিমাগারে আলু মজুদ রেখেছিলেন। গতকাল সকালে হিমাগার থেকে আলু উত্তোলনের জন্য বাড়ি থেকে বের হন। হিমাগারে যাওয়ার পথে মোহাম্মদপুর মোড়ে মহাসড়কে ওঠার সময় বিপরীত দিক থেকে আসা মাছবাহী একটি ভটভিট তাকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই তিনি মারা যান।

টাঙ্গাইল : মধুপুরে যাত্রীবাহী বাস রাস্তার পাশের বিদ্যুতের খুঁটি, গাছ ও মসজিদের দানবাক্স ভেঙে গুঁড়িয়ে দিয়ে পুকুরে পড়েছে। এ ঘটনায় কেউ মারা যায়নি। তবে বাসের সহকারীসহ মা ও ছেলে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল বুধবার সকাল পৌনে ৭টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর পৌর এলাকার মালাউড়ী ম-লবাড়ি মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত