নরসিংদীতে সাপের কামড়ে ছয়জন আহতের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৭ জুন) বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত জেলার শিবপুর উপজেলার ৪ জন, মনোহরদী উপজেলার একজন ও সদর উপজেলার মাধবদী থানার একজন সাপের কামড়ে আহত হয়ে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এদের মধ্যে দুইজন নারী ও বাকিরা কিশোর ও যুবক।
আহতরা হলেন, শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়ের বাহ্মন্দী গ্রামের আব্দুল কাইয়ুমের স্ত্রী ফাহিমা (২৭), একই এলাকার হাসান মিয়ার ছেলে শাহপরান (১৮), ঘাসিরদিয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে তৌহিদুল (২৩), তেলিয়া গ্রামের ফারুকের ছেলে রিফাত (১৭), মনোহরদী উপজেলার জয়নালের স্ত্রী খাদিজা (২৬) ও মাধবদীর নুরালাপুর ইউনিয়ের আলগী গ্রামের হাবিবুর এর ছেলে জোবায়ের (১৬)।
নরসিংদী সদর হাসপাতালে গিয়ে সাপের কামড়ে আহত ফাহিমাকে পাওয়া যায়। তিনি জানায়, সন্ধ্যার সময় নিজ ঘর থেকে নিজেদের মুরগির ফার্মে যাচ্ছিলেন। এ সময় রাস্তার পাশের ঝোপ থেকে একটি সাপ কামড়ে দিয়ে চলে যায়। তখন তার ডাক চিৎকারে আশেপাশের লোকজন উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসে। তিনি জানান সাপটির গায়ের রং সবুজ ছিলো।
অন্যদিকে আহত জোবায়ের জানান, রাত ৮ টার দিকে বাড়ির পাশ দিয়ে মোবাইল টিপতে টিপতে রাস্তায় হাঁটছিলাম। এ সময় রাস্তার পাশে থাকা ঝোপ থেকে একটি সাপ তার পায়ে কাপড় দেয়। পরে বাড়িতে জানালে তাকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসে। তবে সাপটি ঢোঁড়া সাপ বলে সে জানায়।
নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. তহিদুল আলম জানান, আজকে সাপের কামড়ে আহত হয়ে ৬ জন চিকিৎসা নিয়েছে। আমরা প্রাথমিকভাবে তাদের চিকিৎসা দিয়ে অবজারবেশনে রেখেছি। যদি কোনো রকম সমস্যা তাদের শরীরে দেখা যায় তাহলে অ্যান্টিভেনম দেওয়া হবে। আর সাপের কামড় দেখে কী সাপে কাপড় দিয়েছে সেটা বলা যাবে না।
