দিনাজপুরে নারী কেলেঙ্কারির ঘটনায় আলোচিত পুলিশ কর্মকর্তার ছেলে ও শহরের গণেশতলার ‘ল্যাগেসি’ চাইনিজ রেস্তোরাঁর স্বত্বাধিকারী রাহমাতুর রাফসান অর্ণবকে যৌতুক মামলায় গ্রেপ্তার করেছে করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে শহরের রেল ঘুন্টি এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করে পুলিশ।
গ্রেপ্তারকৃত রাহমাতুর রাফসান অর্ণব শহরের চারুবাবুর মোড় এলকার পুলিশ কর্মকর্তা জাহিদুল ইসলামের ছেলে।
দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, বিরল উপজেলার মাইমুনা আক্তার রিমা নামের এক নারী যৌতুকের মামলা করেন অর্ণবের বিরুদ্ধে। দীর্ঘদিন মামলার হাজিরা না দেওয়ার কারণে ওয়ারেন্ট ভুক্ত আসামির তালিকায় যুক্ত হয় অর্ণবের নাম। পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।
‘ল্যাগেসি’ চাইনিজ রেস্তোরাঁয় আসা নারীদের ব্লাইমেইল করে অর্থ আত্মসাৎ, বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণা ও ধর্ষণের অভিযোগ রয়েছে বিস্তর।
বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণা ও ধর্ষণের ২টি মামলা রয়েছে আলোচিত নারী কেলেঙ্কারীর সাথে জড়িত থাকা রাহমাতুর রাফসান অর্ণবের বিরুদ্ধে।
উল্লেখ্য, ২০২২ সালের মার্চ মাসে অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত থাকায় একটি আবাসিক হোটেল থেকে নারী সহ অর্ণবকে আটক করে পুলিশ।
