দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে ১৭২ রানের লক্ষ্য দিয়েছে ভারত। গোমড়ামুখো গায়ানায় ম্যাচ শুরু হতেই দেরি হয় পৌনে দুই ঘন্টা। টসজয়ী ইংল্যান্ডের আমন্ত্রণে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লের ভেতরেই নেই বিরাট কোহলি ও ঋষভ পান্তের উইকেট। ৮ ওভার শেষে ঘন্টাখানেক ফের বৃষ্টির বাধা।
সেখান থেকে রোহিত-সূর্যর ৫০ বলে ৭৩ রানের জুটিতে তালে ফেরে ভারত। ৫০তম বিশ্বকাপ ছক্কায় ৩২তম ফিফটি তুলে নেন রোহিত। ক্রিস গেইলের (৬৩) পর দ্বিতীয় কোনো ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে হাঁকান ছক্কার ফিফটি।
১৩ ওভার শেষে ভারতের সংগ্রহ ছিল ২ উইকেটে ১১০ রান। ১৭ ওভার শেষে ৪ উইকেটে ১৩২। মাঝের ওই চার ওভারে রোহিত-সূর্যের উইকেটের বিনিময়ে রান মাত্র ২২। ৩৯ বলে ৫৭ রান রোহিতের আর ৩৬ বলে ৪৭ করেন সূর্য।
এমন সময় ১২ বলে ২৩ রানের ছোট ঝড় তুলে আউট হন হার্দিক পান্ডিয়া। পরের বলেই গোল্ডেন ডাক শিবম দুবের। শেষ ৩ ওভারে জাদেজা-অক্ষরে আসা ৩৯ রানে ৭ উইকেটে ১৭১ রান তোলে ভারত।
