নদীতে মিলল দুইজনের অর্ধগলিত মরদেহ

আপডেট : ২৮ জুন ২০২৪, ০৪:২৭ পিএম

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র নদ থেকে ভাসমান অবস্থায় সোনা মিয়া (৫০) ও ফারুক হোসেন (৪৮) নামের দুই ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৮ জুন) উপজেলার গজারিয়া ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের গলনার চর ও বাইনকার চর এলাকা থেকে উদ্ধার করা হয়। সোনা মিয়া ও ফারুক মিয়ার বাড়ি একই উপজেলার কাতলামারি ও  দক্ষিণ উদখালি গ্রামে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নদীর পানিতে মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে তারা পুলিশ খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত দুইদিন আগে বাড়ি থেকে নিখোঁজ হন ওই দুই ব্যক্তি। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে নদী থেকে মরদেহ উদ্ধারের খবর শুনে স্বজনরা এসে সোনা মিয়া ও ফারুক মিয়ার পরিচয় নিশ্চিত করেন। 

বিষয়টি নিশ্চিত করেন ফুলছড়ি থানার ওসি রাজিফুজ্জামান বসুনিয়া। তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর রহস্য জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত