গজারিয়ায় তরুণের হাত-পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা

আপডেট : ২৯ জুন ২০২৪, ০১:২০ এএম

মুন্সীগঞ্জের গজারিয়ায় শাহাদাত হোসেন (৩৬) নামে এক যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে তার এক হাত ও এক পা ভেঙে দিয়েছে চিহ্নিত দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের গুয়াগাছিয়া গ্রামের বাড়ি থেকে তাকে তুলে নিয়ে পাশর্^বর্তী চাঁদপুর জেলার মতলব উপজেলার বেলতলী লঞ্চঘাট এলাকায় মারধর করে তাকে ফেলে রেখে যায়।

আহত শাহাদাত হোসেন ওই ইউনিয়নের গুয়াগাছিয়া গ্রামের মৃত্যু আবদুল মজিদ সৈয়ালের ছেলে। তাকে আহত অবস্থায় স্বজনরা প্রথমে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠান।

স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল সন্ধ্যায় বাড়িতে শুয়েছিলেন শাহাদাত হোসেন। এ সময় একই ইউনিয়নের জামালপুর গ্রামের নয়ন, রিপন, পিয়াসসহ ১৫ থেকে ২০ জন চিহ্নিত সন্ত্রাসী অস্ত্র ঠেকিয়ে বাড়ি থেকে ইঞ্জিনচালিত ট্রলারে করে তুলে নিয়ে যায় বেলতলী। সেখানে নিয়ে রড দিয়ে পিটিয়ে তার এক হাত ও এক পা ভেঙে দিয়ে ফেলে রেখে চলে যায়।

আহত শাহাদাত হোসেন বলেন, ‘ওদুদ নামে এক সন্ত্রাসী আমাকে পিস্তল ঠেকিয়ে বলে আমার ছোট ভাই উজ্জ্বলকে আমি তাদের হাতে তুলে দিতাম। তাহলে তারা আমাকে ছেড়ে দেবে। তারা আমার হাতে দুটি পিস্তল দিয়ে ভিডিও করে স্বীকারোক্তি নেয় এবং একটি স্ট্যাম্পে স্বাক্ষর নেয় যে, আমি তাদের এখানে ডাকাতি করতে এসেছি।’

গজারিয়া থানার ওসি রাজিব খান বলেন, ‘চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারের চেষ্টা করছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত