ভারতকে হারিয়ে ট্রফিহীনতার শাপমোচন করতে চান মার্করাম

আপডেট : ২৯ জুন ২০২৪, ১১:৩৭ এএম

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ দিন আজ। ভারত-দক্ষিণ আফ্রিকা লড়াই দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টের নবম আসরের। দুই দলের কাছেই এই ফাইনালের গুরুত্ব অপরিসীম। ফাইনালে একদিকে যেমন দক্ষিণ আফ্রিকা মুখিয়ে থাকবে তাদের প্রথম বিশ্বকাপ শিরোপা জিততে, ঠিক তখন ভারত মুখিয়ে থাকবে তাদের ১০ বছরের ট্রফি খরা কাটাতে।

২০১৩ সালে ভারত শেষবার কোন আইসিসি ট্রফি জিতেছিল। সেবার তারা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ইংল্যান্ডকে হারিয়ে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকাও যে ছেড়ে দেওয়ার পাত্র নয় তা তাদের অধিনায়ক এডেন মার্করাম ফাইনালের আগে শেষ সাংবাদিক সম্মেলনে স্পষ্ট করে দিলেন।

তার স্পষ্ট বক্তব্য, ‘ভারত খুব ভালো দল। আমরা সেটা জানি। তবে ফাইনাল জিতে আমরাও ট্রফিহীনতার শাপমোচন করতে মুখিয়ে রয়েছি।’

বার্বাডোজে ফাইনালের আগে সংবাদ সম্মেলনে এসে মার্করাম বলেছেন, ‘আমরা সবাই জানি ভারত দুর্দান্ত একটি দল। ফাইনাল ম্যাচ অসাধারণ একটা লড়াই হবে। ম্যাচে ক্লোজ মুহূর্ত থাকবে। আমাদেরকে সেই মুহূর্তগুলো জিততে হবে। এর আগেও আমরা ক্লোজ ম্যাচ জিতেছি। অন্ততপক্ষে চারটে এইরকম ম্যাচ আমরা জিতেছি।’

তিনি যোগ করেছেন, ‘সাদা বলের ফরম্যাটে আমাদের এই স্কোয়াডটা দীর্ঘদিন ধরে খেলছে। তারা বেশ অভিজ্ঞ এই বিষয়টিতে। তাদের ফাইনালে কীভাবে খেলতে হবে সেই বিষয়ে আলাদা করে কিছু বলার নেই। এখানকার পিচ বোলারদের সহায়ক। ব্যাটার হিসেবে এই ধরনের পিচে ব্যাট করাটা কঠিন। অধিনায়ক হিসেবে যদি বোলাররা ভালো বল করে তাহলে আমি তো খুশি হবই। তবে ব্যাটিংয়ের দৃষ্টিভঙ্গি থেকে বলতে পারি এই ধরনের পিচে ব্যাট করাটা বেশ চ্যালেঞ্জিং।’

ফাইনাল জিততে মুখিয়ে আছেন জানিয়ে মার্করাম বলেন, ‘ফাইনাল জিততে আমরা মুখিয়ে রয়েছি। আমাদের ট্রফিহীনতার শাপমোচন করতে সবাই তৈরি। ফাইনালে কোয়ালিফাই করার পরে দলের সকলে স্বাভাবিকভাবেই খুব খুশি। আমাদের বিরুদ্ধে বছরের পর বছর অনেক কিছু বলা হয়েছে। আমরা ফাইনাল জিতে এইসব কিছুর জবাব দিতে চাই।’

বার্বাডোজের রানওয়ে বন্ধ থাকার কারণে ত্রিনিদাদ থেকে বার্বাডোজে পৌঁছতে দেরি প্রসঙ্গে তিনি বলেন, ‘হ্যা আমাদের জন্য লম্বা একটা দিন গেছে। বেশ কয়েক ঘণ্টা আমাদের অপেক্ষা করতে হয়েছে।’

আজ শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে আটটার সময়ে বার্বাডোজের ২২ গজে মুখোমুখি হবে এই দুই দল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত