কেমন হবে ব্রিজটাউনের ফাইনালের পিচ

আপডেট : ২৯ জুন ২০২৪, ০৭:১৯ পিএম

সবার নজর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের ভেনু বার্বাডোজের দিকে। সেখানকার কেনসিংটন ওভাল স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন রোহিত শর্মা, এইডেন মার্করামরা। কেমন হবে সেই মাঠের পিচ? 

এ বারের বিশ্বকাপে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে পিচ নিয়ে। নিউ ইয়র্কের ড্রপ ইন পিচ নিয়ে বিতর্কও হয়। সেই প্রতিযোগিতার ফাইনালে খেলা হবে কেমন পিচে। আইসিসি-র প্রকাশিত ভিডিও উইনস্টন রিড বলেছেন, 'ফাইনালের পিচ থেকে শুধু ব্যাটারেরা নন, সাহায্য পাবেন বোলারেরাও। ১৭ বছর ধরে আমি এই মাঠের পিচ প্রস্তুত করছি। ২০০৭ সাল থেকে এখানে আছি আমি। ধীরে ধীরে তৈরি করা হয়েছে এখানকার পিচ। জানুয়ারি মাস থেকে প্রস্তুতি চলছে। জুনে বৃষ্টি হয়। সেটা মাথায় রেখেই পিচে কম জল দেওয়া হয়েছে। এখন তাই দারুণ একটা পিচ তৈরি হয়েছে।'

রিডের ভাষ্য অনুযায়ী শনিবার ব্যাটারদের জন্য পিচ তৈরি করা হয়নি। অর্থাৎ খুব বেশি রান হবে এমনটা ভাবা ভুল। তবে ঠিক মতো খেললে রান হবে। সেই সঙ্গে বোলারদেরও পিচ থেকে কিছু সুবিধা পাওয়ার সুযোগ থাকবে।

নামিবিয়া-ওমান ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ আয়োজন শুরু বাবার্ডোজের। সেই ম্যাচে দুদল করেছিল সমান ১০৯-১০৯। পরের ম্যাচে নামিবিয়া ১৫৬ রান তাড়া করে নামিবিয়াকে হারায় স্কটল্যান্ড ৯ বল হাতে রেখেই। পরের ম্যাচে অস্ট্রেলিয়া ২০১ রান করে ৩৬ রানে হারায় ইংল্যান্ডকে। সুপার এইটে ভারত এখানে ১৮১ রান করে আফগানিস্তানকে হারায় ৪৭ রানে। পরের ম্যাচে যুক্তরাষ্ট্রকে ১২৮ রানে মুড়ে দিয়ে উইন্ডিজ ৯ ওভার হাতে রেখে ৯ উইকেটে ম্যাচ জেতে। সবশেষ ম্যাচে উইন্ডিজকে ১৩৫ রানে থামিয়ে দক্ষিণ আফ্রিকা ম্যাচ জেতে ২৩ বল আগেই। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত