মাটির সঙ্গে মিশে গেল সেই সাদিক অ্যাগ্রো

আপডেট : ৩০ জুন ২০২৪, ০১:৪০ এএম

রাজধানীর মোহাম্মদপুরে খাল ভরাট করে গড়ে ওঠা সাদিক অ্যাগ্রো নামে গবাদি পশুর খামারটি মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। গতকাল শনিবার তৃতীয় দিনের মতো অভিযান চালিয়ে গরু-ছাগলের খামারটি পুরো উচ্ছেদ করে এক্সকাভেটর (মাটি খননযন্ত্র) দিয়ে খাল খননের কার্যক্রম চালানো হয়।

এদিন দুপুর ১২টায় মোহাম্মদপুর সাতমসজিদ হাউজিং এলাকায় এই অভিযান শুরু হয়। সকাল সাড়ে ১০টায় উচ্ছেদ অভিযান চালানোর কথা থাকলেও বৃষ্টির কারণে তা বিলম্বিত হয়।

এ নিয়ে টানা তিন দিনের অভিযানে সাদেক অ্যাগ্রোর দখলে থাকা খাল উদ্ধারসহ ওই এলাকার প্রায় ৭০টি স্থাপনা উচ্ছেদ করে ২০ বিঘা জমি উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে রামচন্দ্রপুর খালের বর্জ্য পরিষ্কার করে খননকাজ চলছে।

ডিএনসিসির তথ্য কর্মকর্তা পিয়াল হাসান জানান, রামচন্দ্রপুর খালের জায়গায় নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদে গতকাল দিনব্যাপী অভিযান পরিচালনা করেছে ডিএনসিসি। ডিএনসিসির অঞ্চল-৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ এবং ডিএনসিসির সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান এই অভিযান পরিচালনা করেন। অভিযানে ৯টি পাকা স্থাপনা, একটি হাউজিংয়ের গেট এবং আশপাশের বেশ কিছু ছোট স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

রাজধানীর মোহাম্মদপুরের নবোদয় হাউজিংয়ের মধ্য দিয়ে একসময় প্রবাহিত হতো রামচন্দ্রপুর খাল। কিন্তু সময়ের ব্যবধানে তা বিলীনের মুখে পড়ে। খালের জায়গা দখল করে গড়ে উঠে সাদিক অ্যাগ্রোসহ বিভিন্ন স্থাপনা। অবৈধভাবে খালটি দখল ও ভরাট করেছে আরও অনেকে। দখলের কবলে পড়ে রামচন্দ্রপুর খাল পরিণত হয়েছে ছোট্ট নালায়। অবৈধ দখলের কারণে খালটি ভরাট হওয়ায় সামান্য বৃষ্টিতে আশপাশের এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। খাল পুনরুদ্ধার করতে উচ্ছেদ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয় ডিএনসিসি। এরপর গত ২৭ জুন অভিযান শুরু করে সংস্থাটি।

গত ঈদুল আজহার আগে রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের ছেলের কাছে ১৫ লাখ টাকায় একটি ছাগল বিক্রির ঘটনা নিয়ে দেশ জুড়ে আলোচনা শুরু হয়। ছাগলটি সাদিক অ্যাগ্রোর। এরপর রামচন্দ্রপুর খাল দখল করে সাদিক অ্যাগ্রোসহ বেশ কিছু অবৈধ স্থাপনা নির্মাণের বিষয়টি নজরে আসে। ডিএনসিসির পক্ষ থেকে বেড়িবাঁধ এলাকায় থাকা সাদিক অ্যাগ্রোতে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। অভিযান পরিচালনার আগের দিন রাত থেকেই সাদিক অ্যাগ্রো থেকে বেশ কিছু গরু সরিয়ে নেওয়া হয়। এ ছাড়া খাল ও সড়কের জায়গায় অবৈধভাবে দখল করে রাখা অস্থায়ী কিছু স্থাপনাও সরিয়ে নেয় প্রতিষ্ঠানটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত