বরগুনার আমতলীতে ছেলের মরদেহ আনতে গিয়ে লাশবাহী অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাসহ দুইজন নিহত হয়েছেন।
আজ রবিবার (৩০ জুন) সকাল সাড়ে ৬টার দিকে পটুয়াখালী কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের আমতলীর ডাক্তার বাড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা সূত্রে জানা যায়, রবিবার সকাল সাড়ে ৬টার দিকে বরিশাল থেকে একটি লাশবাহী অ্যাম্বুলেন্সে কলাপাড়ার দিকে যাচ্ছিল। আমতলীর ডাক্তারবাড়ী নামক স্থানে আসার পর উল্টো দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের চালক রুবেল সিকদার (৩৫) ও অ্যাম্বুলেন্সে থাকা পুষ্প বেগম (৬৫) মারা যান। রুবেল মিয়া আমতলী উপজেলার চাউলা গ্রামের আনসার সিকদারের ছেলে।
জানা গেছে, কলাপাড়া উপজেলার গেন্ডাবাড়িয়া গ্রামের আলী হাওলাদারের ছেলে আলম (৪৫) চিকিৎসাধীন অবস্থায় বরিশাল শেবচিম হাসপাতালে শনিবার রাতে মারা যান। আলমের মরদেহ অ্যাম্বুলেন্স যোগে কলাপাড়া নিয়ে যাচ্ছিলেন তার মা পুষ্প বেগম (৬৫)। খবর পেয়ে আমতলী থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে আমতলী থানায় নিয়ে আসেন।
আমতলী থানার অফিসার ইনচার্জ কাজী সাখওয়াত হোসেন তপু বলেন, লাশ উদ্ধার করে আমতলী থানায় আনা হয়েছে। মোটরসাইকেল ও অ্যাম্বুলেন্স থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
