পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও তার স্ত্রী-কন্যাদের নামে রাজধানীর গুলশানে থাকা চারটি ফ্ল্যাটের তালা খুলতে ম্যাজিস্ট্রেট নিয়োগের আদেশ দিয়েছে আদালত। গতকাল রবিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ আদেশ দেন।
এর আগে গত ৬ জুন গুলশানের র্যানকন আইকন টাওয়ারের চারটি ফ্ল্যাটসহ বেনজীর পরিবারের নানা সম্পত্তি দেখভালে তত্ত্বাবধায়ক (রিসিভার) নিয়োগের আদেশ দেয় আদালত। তত্ত্বাবধায়ক হিসেবে দুদকের সম্পদ ব্যবস্থাপনা ইউনিটের পরিচালক মো. মঞ্জুর মোর্শেদকে দায়িত্ব দেওয়া হয়। তবে ফ্ল্যাটটি পরিদর্শনকালে তিনি সেগুলোকে তালাবদ্ধ অবস্থায় দেখতে পান। এ সময় ভবনটির দায়িত্বে থাকা কর্মচারীরা জানান, ফ্ল্যাটের মালিকদের কাছে চাবি রয়েছে, তারা এখানে থাকেন না এবং কোথায় আছেন তা-ও জানেন না। এ জন্য মো. মঞ্জুর মোর্শেদ অভিযোগ সংশ্লিষ্ট (বেনজীর পরিবার) ব্যক্তিদের অনুপস্থিতিতে বিনা বাধায় ফ্ল্যাটে প্রবেশ, মালামালের ইনভেন্টরি, স্পেসের পরিমাপপূর্বক ভাড়া নির্ধারণ করার বিষয়ে আদেশ চেয়ে আবেদন করেন।
পরে দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর এ বিষয়ে শুনানি করেন। শুনানি শেষে আদালত ফ্ল্যাটে প্রবেশে একজন প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট নিয়োগের আদেশ দেয়। তার উপস্থিতিতে ফ্ল্যাটে প্রবেশ করবেন চারটি ফ্ল্যাটের দেখভালে নিয়োজিত থাকা দুদকের কর্মকর্তা।
