ম্যাচের তখন মাত্র দেড় মিনিট বাকি। শেষ বাঁশি বাজলেই ইউরো থেকে ইংল্যান্ডের বিদায়ঘণ্টা বেজে যাবে। ঠিক তখনই জুড বেলিংহামের চোখ ধাঁধানো সেই বাইসাইকেল কিক। চোখের পলকে বল জড়িয়ে গেল স্লোভাকিয়ার জালে। বুনো উদযাপনে মেতে উঠলেন বেলিংহাম। সমালোচকদের উদ্দেশ্যে চিৎকার করে বললেন 'হু এলস' (আর কে?)?
২-১ গোলের এই জয় গ্যারেথ সাউথগেটের দলকে ইউরোর কোয়ার্টার ফাইনালে জায়গা করে দিয়েছে। কিন্তু টুর্নামেন্টের শুরু থেকেই ইংল্যান্ড দলের খেলার ধরণ আর ফুটবলারদের নিবেদন নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছিল। ম্যাচ শেষে ২১ বছর বয়সী ইংলিশ তারকা জানালেন, কয়েক দিন ধরে তাকে আর তার দলকে যারা সমালোচনায় বিদ্ধ করেছিলেন, তাদের জন্যই এই জবাব।
"এটা এমন এক অনুভূতি, যা অন্য কিছুর সঙ্গে মেলানো যায় না। আন্তর্জাতিক ফুটবল এবং নক-আউটের মতো খেলায় ওই সময়ের অনুভূতি ভীষণ বাজে, যখন আপনার দল বিদায় থেকে ৩০ সেকেন্ড দূরে, আর আপনাকে বাজে কথা শুনতে হচ্ছে। এটা এমন এক অনুভূতি, যেন গোটা জাতির মাথা নিচু করে দিচ্ছেন আপনি। (কিন্তু এই) ৩০ সেকেন্ড কিংবা বলে একটা কিকই সবকিছু বদলে দিতে পারে।"
গোলের উদ্যাপনে ‘হু এলস’ চিৎকারের ব্যখ্যায় বেলিংহাম বলেন, "সমর্থকদের এমন পারফরম্যান্স উপহার দেওয়ার জন্য আমরা প্রতিদিনই কঠোর পরিশ্রম করি। কখনো কখনো সেটা ভালো হয় না। কখনো মনে হয় অতি মাত্রায় সমালোচনা হচ্ছে। এটা (হুল এলস) শুনতে ভালো লাগবে না। কিন্তু এ ধরনের মুহূর্তে এটা ব্যবহার করা যায়। কিছু মানুষকে এটা ফিরিয়ে দিতে পারলে ভালোই লাগে। আমার কাছে এমনই মনে হয়।"
