প্রধানমন্ত্রী অর্থনৈতিক কূটনীতিতে জোরারোপ করেছেন। বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বাড়াতে কাজ করছে মন্ত্রণালয়। রপ্তানির বাজার বহুমুখী করতে কমার্শিয়াল কাউন্সিলরদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। বিশে^র বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের সক্ষমতা বাড়াতে হবে।
গতকাল সোমবার মন্ত্রণালয়ের সভাকক্ষে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) সভায় বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এসব কথা বলেন।
মন্ত্রণালয়ের প্রকল্প বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের ট্রেড নেগোসিয়েশনে সক্ষমতা বাড়াতে ইউএনডিপি, অস্ট্রেলিয়া, জাপান সহযোগিতা করতে আগ্রহী। এ ছাড়া ট্যারিফ কমিশনকে আরও সক্ষম করে গড়ে তুলতে বিশ^ব্যাংক আগ্রহ দেখিয়েছে। প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের সবাইকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।’ বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহা. সেলিম উদ্দিন সংক্ষিপ্ত বক্তব্য দেন।
এ সময় মন্ত্রণালয়ের পরিকল্পনা সেলের যুগ্ম সচিব শায়লা ইয়াসমিন, টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান, বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান আশরাফুল ইসলাম, উপসচিব ফিরোজ আল মামুনসহ মন্ত্রণালয়াধীন দপ্তরপ্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
