হলি আর্টিসানে নিহত এসি রবিউলকে স্মরণ

আপডেট : ০২ জুলাই ২০২৪, ০৫:২৬ এএম

শ্রদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়ে ঢাকার গুলশানের হলি আর্টিসানে জঙ্গি হামলায় নিহত এসি রবিউল করিম (কামরুল)-এর মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। গতকাল সোমবার সকালে তার নিজ গ্রাম মানিকগঞ্জের কাটিগ্রামে এ উপলক্ষে শোক র‌্যালি ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।

এদিন বেলা ১১টায় উপজেলার আটিগ্রাম ইউনিয়নের বাসাই গ্রামে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য রবিউলের প্রতিষ্ঠিত ব্লুমস স্কুলের সামনে থেকে শোক র‌্যালি শুরু হয়ে কাটিগ্রাম গ্রামে তার কবরস্থানের পাশে গিয়ে শেষ হয়। র‌্যালিতে শিক্ষক-শিক্ষার্থী, এলাকাবাসী ও রবিউলের ঘনিষ্ঠজনরা অংশ নেন। পরে তারা রবিউলের কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

পরে ব্লুমস স্কুল প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় ও প্রতিষ্ঠানের সভাপতি শওকত আলীর সভাপতিত্বে এতে বক্তব্য দেন কৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান বিপ্লব হোসেন সেলিম, প্রতিষ্ঠানের সদস্য সচিব রবিউলের ছোট ভাই শামসুজ্জামান শামস, সহসভাপতি ইকবাল হোসেন কচি, রবিউলের সহধর্মিণী উম্মে সালমা প্রমুখ।

এ সময় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের এ শিক্ষাপ্রতিষ্ঠানটি পরিচালনায় সমাজের সর্বস্তরের সহযোগিতা চান বক্তারা।

অন্যদিকে বিকেল ৩টার দিকে মানিকগঞ্জের পুলিশ লাইনসের শহিদ রবিউল করিম ফটকের পাশে নির্মিত রবিউল করিমের ম্যূরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত