মাদারীপুরের কালকিনিতে হাতবোমা বানাতে গিয়ে বিস্ফোরণে গুরুতর আহত হয়েছে তিনজন। গত সোমবার মধ্যরাতে কালকিনি উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের মৃধাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। তবে স্থানীয়রা তিনজন আহত হওয়ার কথা বললেও পুলিশ বলছে একজন।
স্থানীয় সূত্রে জানা যায়, শিকারমঙ্গল ও পূর্ব এনায়েত নগর ইউনিয়নের সীমান্তবর্তী কাজিকান্দি ও মৃধাকান্দি গ্রামের কাজি ও মৃধাদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন দ্বন্দ্ব চলে আসছে। এ নিয়ে গত কয়েক দিন উভয়পক্ষ কয়েক দফা সংঘাতে জড়ায়। আর সংঘাতে ব্যাপকভাবে হাতবোমা ব্যবহার করছে দুপক্ষ। সংঘাতের উদ্দেশ্যে সোমবার রাতে কবির মৃধার বাড়িতে হাতবোমা তৈরি করার সময় বিস্ফোরণে কাইউম মৃধা, সোহেল মৃধা ও সহিদ সরদার নামে তিন যুবক গুরুতর আহত হয়। গ্রেপ্তার এড়াতে তারা গোপনে কোন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে তা নিশ্চিত হওয়া যায়নি। এ ছাড়া সবাই পলাতক থাকায় কারও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
অতিরিক্ত পুলিশ সুপার মো. আলাউল হাসান বলেন, ‘আমরা ঘটনা শুনেছি, তবে যে আহত হয়েছে সে কোথায় চিকিৎসা নিচ্ছে এখনো জানা যায়নি। আমরা এখনো খোঁজ নিচ্ছি।’
