জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার কোনো পরিকল্পনা সরকারের নেই। চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করা হলে বিভিন্ন পদের বিপরীতে চাকরিপ্রার্থীর সংখ্যা বাড়বে। ফলে নিয়োগের ক্ষেত্রে আরও বেশি প্রতিযোগিতা সৃষ্টি হতে পারে। এতে ৩০ বছরের কম বয়সী প্রার্থীদের মধ্যে হতাশা সৃষ্টি হতে পারে।
গতকাল বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে মন্ত্রী এসব কথা বলেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।
বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠানে সেশনজট নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, আগে বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বড় ধরনের সেশনজট থাকলেও বর্তমানে উল্লেখযোগ্য কোনো সেশনজট নেই বললেই চলে। শিক্ষার্থীরা ১৬ বছরে এসএসসিসহ ২৩ থেকে ২৪ বছরে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করে। চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর হওয়ার ফলে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পরও তারা চাকরিতে আবেদনের জন্য কমপক্ষে ছয় থেকে সাত বছর সময় পায়। এ ছাড়া ৩০ বছর বয়সসীমার মধ্যে একজন প্রার্থী আবেদন করলে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতে দু-এক বছর লেগে যায়। ফলে চাকরিতে যোগদানের জন্য ন্যূনতম বয়স ৩০ বছর থেকে ৩৫ বছর করার যে দাবি করা হচ্ছে প্রকৃতপক্ষে তার কাছাকাছি পর্যায়ে উপনীত হয়।
জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি বিল পাস : দুর্নীতিবাজরা প্রধানমন্ত্রীর সদিচ্ছা ধ্বংস করে ফেলেছে বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য পঙ্কজ নাথ। গতকাল ‘জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি বিল-২০২৪’-এর ওপর সংশোধন আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। আলোচনা শেষে বিলটি কণ্ঠভোটে পাস হয়। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী ‘জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি বিল-২০২৪’ পাসের প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। এর আগে বিলের ওপর আনা জনমত যাচাই ও বাছাই কমিটিতে প্রেরণ এবং সংশোধনী প্রস্তাবগুলো নিয়ে আলোচনা করেন বিরোধী দল জাতীয় পার্টি ও স্বতন্ত্র সংসদ সদস্যরা।
