অবশেষে ফিরলেন

আপডেট : ০৫ জুলাই ২০২৪, ০৮:১৮ এএম

অনেক বছর ধরেই অভিনয়ে অনিয়মিত মেহের আফরোজ শাওন। একটা সময় নিয়মিত দেখা গেলেও বিয়ের পর থেকেই অনিয়মিত হয়ে পড়েন। কালেভদ্রে হাজির হন ক্যামেরার সামনে। সর্বশেষ অভিনেত্রীকে দেখা গেছে হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ সিনেমায়।

নতুন খবর হলো, দীর্ঘ বিরতি ভেঙে ফিরছেন শাওন। প্রায় ১৬ বছর পর সিনেমায় কাজ করতে যাচ্ছেন তিনি। ফাখরুল আরেফীন খান পরিচালিত ‘নীল জোছনা’য় দেখা যাবে তাকে। এমনটা নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই। জানালেন, দীর্ঘ ১৬ বছর পর সিনেমায় অভিনয় করছেন। ১৬ বছর পর সিনেমায় নাম লেখালেও, অভিনয়ে ফিরলেন ১৩ বছর পর। ২০১১ সালে সবশেষ অভিনয় করেছিলেন ‘স্বর্ণকলস’ নাটকে। নতুন করে ফেরা ও সিনেমা প্রসঙ্গে মেহের আফরোজ শাওন বলেন, ‘দীর্ঘদিন পর সিনেমার শুটিং করব। তবে প্রযোজক ও পরিচালকের পলিসিগত কারণে এখনই সিনেমা কিংবা আমার অভিনীত চরিত্রটি নিয়ে বিস্তারিত বলতে চাইছি না। এখানে আমাকে শহুরে এক নারীর চরিত্রে দেখা যাবে। গল্প ও চরিত্র পছন্দ হওয়াতেই কাজটির সঙ্গে যুক্ত হয়েছি।’

ইতিমধ্যেই সিনেমাটির শুটিং শুরু হয়েছে। আজ থেকে এতে অংশ নেবেন শাওন।

মোশতাক আহমেদের প্যারাসাইকোলজি বিষয়ক উপন্যাস ‘নীল জোছনার জীবন’ অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি। এতে শাওন ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন তারিক আনাম খান, ইন্তেখাব দিনার, পার্থ বড়–য়া, এসএম নাঈমসহ অনেকে। আছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী পাওলি দামও।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত