টেলিভিশন বিতর্কে বিপর্যয়ের পর এবার সাক্ষাৎকারে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল শুক্রবার এবিসি নিউজের সঞ্চালক ও রাজনৈতিক ভাষ্যকার জর্জ স্টেফানোপোলোসের কাছে সাক্ষাৎকার দেন বাইডেন। বাংলাদেশ সময় আজ শনিবার ভোর ৬টায় সেটি প্রচার করবে এবিসি। ওই সাক্ষাৎকার দিয়েই বাজিমাত করতে চান বাইডেন।
গতকাল বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বাইডেনের আশা টেলিভিশনে প্রচার হতে যাওয়া ওই সাক্ষাৎকারের ভেতর দিয়ে তিনি তার নির্বাচনী প্রচারণার মোড় ঘুরিয়ে দেবেন। এক সপ্তাহ আগে রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সিএনএন আয়োজিত প্রেসিডেন্সিয়াল ডিবেটে অংশ নেন বাইডেন। বিতর্কে ৮১ বছর বয়স্ক বাইডেন তাকে নিয়ে ডেমোক্রেটিক পার্টির সব ধরনের উদ্বেগ-আশঙ্কাকে সত্যে পরিণত করেন। গুঞ্জন উঠেছিল, বাইডেনের নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ানো উচিত। তবে প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, তিনি কোথাও যাচ্ছেন না এবং তিনি নির্বাচনী রেসের শেষ পর্যন্ত লড়ে যাবেন।
