ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা সীমান্তে বিএসএফের গুলিতে মো. রাজু মিয়া (২৮) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত রাজু মিয়া উপজেলার গড়িয়ালী গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে বালিয়াডাঙ্গী থানার ওসি ফিরোজ কবির জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক ১টার দিকে নাগরভিটা সীমান্তের ৩৭৬ এর ৫ এস নম্বর পিলার এলাকা দিয়ে অবৈধভাবে গরু আনতে গেলে বিএসএফ গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে রাজু ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনায় গতকাল শুক্রবার বিজিবির পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএসএফের কাছে চিঠি দেয়। ওই দিন বিকেল সাড়ে ৫টায় সীমান্ত এলাকায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। বৈঠকে বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিক মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত হয় বিজিবি কর্তৃপক্ষ। নিহত রাজুর মরদেহ ভারতে ময়নাতদন্ত শেষে দুই দেশের থানা পর্যায়ের প্রতিনিধির মাধ্যমে হস্তান্তর হবে বলে জানান বালিয়াডাঙ্গী থানার ওসি ফিরোজ কবির। তবে কখন এই বাংলাদেশির মরদেহ হস্তান্তর হবে তা নিশ্চিত করেনি থানা কর্তৃপক্ষ।
এ বিষয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. তানজীর আহম্মদের কাছে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
