লক্ষ্মীপুরের কমলনগরে জমিসংক্রান্ত বিরোধের জেরে সাহেবেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিককে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে চর ফলকন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন রিপনের বিরুদ্ধে।
গত শুক্রবারের এ ঘটনায় আবু বক্কর সিদ্দিক হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় ভুক্তভোগী আবু বক্কর সিদ্দিক সাইফুদ্দিন রিপনসহ ১৩ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।
মামলা সূত্রে জানা যায়, স্থানীয় আমজাদ হোসেন তার ছেলে পারভেজসহ একাধিক লোক চর জগবন্ধু এলাকায় ১৩০ শতাংশ জমি দখলের চেষ্টা করেন। তাদের বিরুদ্ধে আদালতে মামলা রয়েছে।
আদালত বিরোধীদের অনধিকার প্রবেশ ও দখলের চেষ্টায় নিষেধাজ্ঞা দেয়। গত শুক্রবার হঠাৎ তিনি জমি চাষ করতে ট্রাক্টর নামালে আমজাদ, পারভেজ, সাইফুদ্দিন রিপনসহ ১০-১২জন লোক হামলা করে তাকে গুরুতর আহত করে।
অভিযুক্ত সাইফুদ্দিন রিপন বলেন, ‘আদালতে মামলা থাকা সত্ত্বেও জোরপূর্বক ট্রাক্টর নামিয়ে চাষ করতে গেলে তাকে বাধা দেওয়া হয়। কেউ হামলা করেনি। তিনি দৌড়ে পালাতে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যান।’
কমলনগর থানার ওসি তওহিদুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
