চৌদ্দগ্রামে এনআইডি জালিয়াতি করে ৩ একর সম্পত্তি আত্মসাৎ

আপডেট : ০৮ জুলাই ২০২৪, ০১:৪৫ এএম

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জালিয়াতি করে তিন একর সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ উঠেছে আবু তাহের নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ব্যাপারে প্রতিকার চেয়ে ওই জমির প্রকৃত দাবিদার ইসমাইল মোল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ছাতিয়ানী গ্রামের ওমর আহমেদ মোল্লা ও সাফিয়া খাতুন দম্পতি ছিলেন নিঃসন্তান। ২০১৭ সালে বার্ধক্যজনিত কারণে মারা যান ওমর আলী মোল্লা। একই গ্রামের দক্ষিণপাড়ার খন্দকার বাড়ির জন্তুর আলীর ছেলে আবু তাহের তার জাতীয় পরিচয়পত্র জালিয়াতির মাধ্যমে বাবার নাম পরিবর্তন করে ওমর আহমেদ মোল্লা ও মায়ের নাম সাফিয়া খাতুন করেন। এর কিছুদিন পরই অভিযুক্ত আবু তাহের নিজেকে উত্তরসূরি দেখিয়ে সম্পত্তি বিক্রির চেষ্টা চালান। বিষয়টি টের পেয়ে মরহুম ওমর আহমেদ মোল্লার প্রকৃত উত্তরসূরি তার ভাতিজা ইউসুফ মোল্লা জমি বিক্রিতে বাধা দেন। বিষয়টি নিয়ে দুই পরিবারের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে। এসব ঘটনায় থানা ও আদালতে পাল্টাপাল্টি একাধিক মামলাও হয়েছে।

এ ব্যাপারে আবু তাহেরের যমজ ভাই শাহজাহান বলেন, ‘১৯৭০ সালের ১ এপ্রিল আমরা দুই ভাই একসঙ্গে জন্মগ্রহণ করি।’ এ সময় আবু তাহেরের জাতীয় পরিচয়পত্র জালিয়াতির বিষয়টি তিনি জানেন না বলে জানান।

ছাতিয়ানী গ্রামের বাসিন্দা মাস্টার জামাল হোসেন বলেন, ‘আবু তাহেরের বাবার প্রকৃত নাম জন্তুর আলী। তিনি ওমর আহমেদ মোল্লার ঔরসজাত সন্তান নন। ওমর আহমেদ মোল্লা নিঃসন্তান। তিনি মৃত্যুকালে তিন একরেরও বেশি সম্পত্তি রেখে গেছেন। সেই সম্পত্তির দিকে অনেকের কুদৃষ্টি পড়েছে।’

স্থানীয় ইউপি সদস্য মহিন উদ্দিন মোল্লা বলেন, ‘আবু তাহের বাবা-মায়ের নাম পরিবর্তন করে কীভাবে জাতীয় পরিচয়পত্র তৈরি করেছেÑ সে বিষয়টি আমার জানা নেই। তবে তার বিরুদ্ধে জাতীয় পরিচয়পত্র জালিয়াতির অভিযোগ এনে ওমর আহমেদ মোল্লার প্রকৃত উত্তরসূরি ইসমাইল মোল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।’

এ বিষয়ে অভিযুক্ত আবু তাহেরের বক্তব্য জানতে তার মোবাইলে ফোন করলে সাংবাদিক পরিচয় পেয়ে কল কেটে দেন তিনি।

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা রহমত উল্লাহ বলেন, ‘জাতীয় পরিচয়পত্র জালিয়াতির অভিযোগে আবু তাহের মোল্লা নামের এক ব্যক্তির বিরুদ্ধে ইসমাইল মোল্লা নামের অন্য এক ব্যক্তি একটি লিখিত অভিযোগ করেছেন। তদন্তসাপেক্ষে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত