পিজিআরের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

আপডেট : ০৮ জুলাই ২০২৪, ০২:১৭ এএম

যথাযথ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল রবিবার প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী (দ্বিতীয় দিন) পালিত হয়। এ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিজিআর সদর দপ্তরে এলে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এবং কমান্ডার পিজিআর তাকে অভ্যর্থনা জানান। এরপর পিজিআরের একদল চৌকস গার্ড প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় সালাম প্রদান করে। প্রধানমন্ত্রী পিজিআরের কোয়ার্টার গার্ড পরিদর্শন শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং এই রেজিমেন্টের উপস্থিত সব অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসারদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ ছাড়া শহীদ ক্যাপ্টেন হাফিজ হলে প্রধানমন্ত্রী রেজিমেন্টে কর্মরত অবস্থায় নিহত শহীদ সদস্যদের পরিবার ও স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের মধ্যে উপহারসামগ্রী বিতরণ ও অনুদান হস্তান্তর করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পিজিআরের সব সদস্যের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্য দেন। তিনি তার বক্তব্যে বলেন, ১৯৭৫ সালের ৫ জুলাই স্বাধীন বাংলাদেশের রূপকার সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় গঠিত হয় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট। প্রতিষ্ঠালগ্ন থেকে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট দেশ এবং বিদেশ থেকে আসা রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধান এবং রাষ্ট্র ঘোষিত যেকোনো অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দৈহিক নিরাপত্তাসহ সব ধরনের রাষ্ট্রাচার কার্য অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করে আসছে। এ ছাড়া প্রধানমন্ত্রী পিজিআর সদস্যদের কর্র্তৃক পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে যে পরিশ্রম, দক্ষতা, কর্তব্যপরায়ণতা ও ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে, তার ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা, সেনা, নৌ ও বিমানবাহিনী প্রধান, ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তা এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আইএসপিআর

×
সর্বশেষ সর্বাধিক পঠিত