কাস্টমস কমিশনার এনামুল হকের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আপডেট : ০৯ জুলাই ২০২৪, ০৬:২৮ এএম

সিলেটের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোহাম্মদ এনামুল হকের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে আদালত। গতকাল সোমবার দুপুরে শুনানি শেষে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত এ আদেশ দেয়। দুদকের জনসংযোগ শাখা বিষয়টি নিশ্চিত করেছে।

মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক ফারজানা ইয়াসমিন আদালতে কাস্টমস কর্মকর্তা এনামুল হকের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির জন্য আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এ আদেশ দেন। দুদকের পক্ষে মীর আহাম্মদ আলী সালাম শুনানি করেন।

গত ৪ জুলাই এনামুল হকের ৮ কোটি ৯৫ লাখ ৪ হাজার ৫০০ টাকার জমি ও ফ্ল্যাট ক্রোকের নির্দেশ দেয় একই আদালত। ক্রোককৃত সম্পত্তির মধ্যে রয়েছে গুলশানের জোয়ার সাহারায় ৬১ লাখ টাকার ৩ কাঠা জমি, খিলক্ষেতে ৭ লাখ ৮৪ হাজার টাকার ৩৩ শতাংশ জমি। কাকরাইলের আইরিশ নূরজাহানে কমন স্পেসসহ ১ হাজার ১৭০ বর্গফুটের ফ্ল্যাট, যার মূল্য ২৮ লাখ ৩০ হাজার ৫০০ টাকা। একই ভবনে কারপার্কিং স্পেসহ ১ হাজার ৮৩৫ বর্গফুটের ফ্ল্যাট, যার মূল্য ৫১ লাখ ২ হাজার ৯০০ টাকা। এ ছাড়া কাকরাইলে ১ হাজার ৯০০ বর্গফুট এবং ৩ হাজার ৮০০ বর্গফুটের ফ্ল্যাটসহ কারপার্কিং রয়েছে, যার মূল্য ২ কোটি ৮ লাখ ৫০ হাজার টাকা। গাজীপুরে ৬২ লাখ ৪০ হাজার টাকার ৫ কাঠা জমি। মোহাম্মদপুরে তিনটি বাণিজ্যিক ভবনে ৪ হাজার বর্গফুটের ৩টি স্পেস, যার প্রতিটির মূল্য ৭১ লাখ ৩৫ হাজার করে। মোহাম্মদপুরে ১০ হাজার ৯৬৫ বর্গফুটের স্পেস রয়েছে, যার মূল্য ২ কোটি ৩৫ লাখ ৯০ হাজার টাকা। এ ছাড়া গুলশানের ৭২ লাখ টাকার ২ হাজার ৪২৮ বর্গফুটের ফ্ল্যাট এবং বাড্ডায় ৪ কাঠা নাল জমি, যার মূল্য ১৪ লাখ ৫৫ হাজার টাকা।

দুদকের তথ্যমতে, গত ৩১ জুলাই ৯ কোটি ৭৬ লাখ ৯৭ হাজার ১০৭ টাকার সম্পদ অর্জনের অভিযোগে এনামুল হকের বিরুদ্ধে করে দুদক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত