যুক্তরাষ্ট্রে আগামী নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়ী হলে তিনি কী পদক্ষেপ নেবেন, তা অনুমান করতে পারছেন না ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, ‘রুশ নেতা ভ্লাদিমির পুতিনসহ পুরো বিশ্ব এ নির্বাচনের দিকে তাকিয়ে আছে।’ মঙ্গলবার ন্যাটো সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এসব কথা বলেন।
ওয়াশিংটনে বিশ্বনেতাদের অংশগ্রহণে আয়োজিত সম্মেলনে জেলেনস্কি আশা প্রকাশ করে বলেন, ‘ট্রাম্প আবার ক্ষমতায় এলে যুক্তরাষ্ট্র ৭৫ বছরের পুরনো ন্যাটো জোট থেকে বেরিয়ে আসবে না। রাশিয়ার সঙ্গে দুবছর ধরে চলা যুদ্ধে ইউক্রেনের প্রতি সমর্থন দিয়ে যাওয়া যুক্তরাষ্ট্র অব্যাহত রাখবে।’ ট্রাম্প সম্পর্কে জেলেনস্কি বলেন, ‘আমি তাকে খুব ভালোভাবে চিনি না। ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালে তার সঙ্গে কয়েকটি সুন্দর বৈঠক হয়েছে। তবে সেটি ছিল ২০২২ সালে রাশিয়ার হামলা শুরুর আগে। তিনি যদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন তাহলে কী পদক্ষেপ নেবেন, তা বলতে পারছি না।’
