আওয়ামী লীগ নেতা-নেত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট : ১১ জুলাই ২০২৪, ১২:৫৯ এএম

মানিকগঞ্জের সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শহিদুর রহমান ওরফে ভিপি শহীদ ও তার স্ত্রী জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক নারগীছ আক্তারের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুদক। গত মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে (ঢাকা-১) মামলা দুটি করা হয়।

প্রায় সাড়ে ৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও ৩০ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে বাদী দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আল আমীন গতকাল বুধবার নিশ্চিত করেন।

মামলার এজাহারে বলা হয়, সম্পদ বিবরণী যাচাইকালে শহিদুর রহমানের আয়কর নথি পর্যালোচনায় দেখা যায়, ২০১৯-২০ ও ২০২০-২১ করবর্ষে তার ব্যয়সহ অর্জিত সম্পদের পরিমাণ ২ কোটি ৪ লাখ ৮৯ হাজার ৮৬৫ টাকা। আর আয় অপেক্ষা অতিরিক্ত সম্পদ পাওয়া যায় ৫৫ লাখ ৭২ হাজার ৩৬৯ টাকা। অন্যদিকে নারগীছ আক্তারের বিরুদ্ধে স্বামীর অবৈধভাবে অর্জিত সম্পদকে বৈধতা দানের উদ্দেশ্যে নিজ নামে জ্ঞাত আয়বহির্ভূত ২ কোটি ৯২ লাখ ৫০ হাজার ৯২১ টাকার সম্পদ অর্জন ও দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৩০ লাখ ৭৮ হাজার ৭৬৪ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে।

অভিযুক্ত শহিদুর রহমান বলেন, ‘তদন্তাধীন বিষয় নিয়ে আমি কথা বলতে চাই না। তবে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মামলা রেকর্ড হলেও একজন প্রভাবশালী এমপির অনুসারীরা মামলার কপি পেয়ে ফেসবুকে প্রকাশ করে। আমি এটাকে ষড়যন্ত্র বলব। আমার প্রত্যেকটি সম্পদের ট্যাক্স পে করেছি। একই অভিযোগে ইতিপূর্বে তদন্তকারী তিন কর্মকর্তা মামলাটি নথিজাত করার সুপারিশ করলেও এবার একটি প্রভাবশালী মহলের চাপে মামলা হয়েছে।’ নারগীছ আক্তার জলির মোবাইল ফোন বন্ধ থাকায় অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানা যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত