স্বাস্থ্যসেবার মান বাড়াতে দেশের উপজেলা পর্যায়ে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো স্বাবলম্বী করার তাগিদ দেওয়া হচ্ছে। ঢাকার হাসপাতালগুলোতে রোগীর চাপ কমাতে এ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। গতকাল বুধবার দুপুরে মাদারীপুরের শিবচরে শেখ হাসিনা ইনস্টিটিউট অব হেলথ অ্যান্ড টেকনোলজি পরিদর্শন শেষে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিভিন্ন রোগের পরীক্ষার রিপোর্টে গরমিল থাকার কারণে দেশের স্বাস্থ্যসেবার প্রতি মানুষের আস্থা কম। এগুলো চিন্তা করেই অনেকে বিদেশ যায়। টেকনিশিয়ানরা সঠিকভাবে পরীক্ষার রিপোর্ট প্রদান করলেই দেশের স্বাস্থ্যসেবার প্রতি মানুষের আস্থা বাড়বে। সব রোগের সার্ভিস ভালো করে দেওয়া হলে ঢাকায় রোগীর চাপ কমবে। প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা নিশ্চিত করতেই হবে।
এ সময় জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ আজিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
