এতিমখানার পুকুরে ভাসছিল কিশোরের লাশ

আপডেট : ১২ জুলাই ২০২৪, ০৯:২৯ পিএম

রাজধানীর যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকার একটি পুকুর থেকে ইয়াছিন আরাফাত (১৫) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার (১২ জুলাই) বিকেল সাড়ে চারটার দিকে কাঠেরপুল মাতুয়াইল ইসলামিয়া আলিয়া মাদরাসা ও এতিমখানার পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।

যাত্রাবাড়ী থানার ওসি আবুল হাসান কিশোরের পরিচয় নিশ্চিত করেছেন। তিনি জানান, ছেলেটি ওই এলাকায় পরিবারের সাথে থাকত। তার বাবা একটি সেলুনে কাজ করেন। পরিবারের ভাষ্য অনুযায়ী, ইয়াসিন বৃহস্পতিবার সকালে বাসা থেকে বের হয়েছিল। তারপর আর বাসায় ফেরেনি। সে প্রায় ওই এলাকায় খেলাধুলার পর পুকুরে গোসল করত।

তার মৃত্যু পানিতে ডুবে হয়েছে নাকি তাকে কেউ আঘাত করেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আত্মীয়-স্বজনের পাশাপাশি তার বন্ধুদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান ওসি আবুল হাসান।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ জানান, বিকেলে স্থানীয়রা পুকুরটিতে মরদেহটি ভাসতে দেখে। তখন খবর পেয়ে পুকুর থেকে ভাসমান অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে, দুই-একদিন আগে মারা গেছে ওই কিশোর। এটি হত্যাকাণ্ড, নাকি পানিতে ডুবে মারা গেছে তা জানার চেষ্টা চলছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত