সড়ক দুর্ঘটনায় গাবতলী হাটের গরুর রাখাল নিহত   

আপডেট : ১৪ জুলাই ২০২৪, ১২:৩১ পিএম

রাজধানীর দারুসসালাম মাজার রোডে সড়ক দুর্ঘটনায় সোহেল মিয়া (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক ভোর ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মো. হানিফ জানান, তারা গাবতলী হাটে গরুর রাখাল হিসেবে কাজ করেন। রাতে মিরপুর মাজার রোডে রাস্তা পার হওয়ার সময় কোনো এক যানবাহনের ধাক্কায় গুরুতর আহত হন সোহেল। পরে তাকে উদ্ধার করে দ্রুত সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিহতের স্ত্রী কুলসুম আক্তার জানান, তারা কল্যাণপুর ১১ নম্বর রোডে থাকেন। রাতে তিনি জানতে পারেন, মাজার রোডে তার স্বামী সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। এর বেশিকিছু জানেন না তিনি। তাদের গ্রামের বাড়ি ভোলার সদর উপজেলায়।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত