নেত্রকোনার কলমাকান্দায় শ্রাদ্ধ অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার সময় নৌকা ডুবে দুই নারী মারা গেছেন। গতকাল রবিবার দুপুরে উপজেলার গোড়াডোবা হাওরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন মোহনগঞ্জ উপজেলার সুনিল সরকারের স্ত্রী উজ্জ্বলা রানী সরকার (৫৯) ও সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বিশারা গ্রামের রানা সরকারের স্ত্রী জলি সরকার (৫০)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উজ্জ্বলা রানী সরকার ও জলি সরকারসহ তাদের আত্মীয়স্বজনরা রবিবার কলমাকান্দার বড়ইউন্দ গ্রামের পারুল তালুকদারের শ্রাদ্ধের দাওয়াতে এসেছিলেন। অনুষ্ঠান শেষে ২০ থেকে ২৫ জন বড়ইউন্দ বাজার থেকে ট্রলারে করে মধ্যনগরের দিকে যাচ্ছিলেন। ট্রলারটি হাওরের কিছুদূর গেলে স্রোতের তোড়ে ডুবে যায়। স্থানীয়দের সহযোগিতায় অন্যরা সাঁতরে তীরে উঠলেও ওই দুই নারী উঠতে পারেননি। পরে তাদের উদ্ধার করে কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
