শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী জানিয়েছেন, শতভাগ নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে না। এখনো খুলে দেওয়ার মতো পরিবেশ তৈরি হয়নি। গতকাল বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান মন্ত্রী।
তিনি বলেন, ‘এখনো শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পরিবেশ তৈরি হয়নি। এই মুহূর্তে শিক্ষার্থীদের নিরাপত্তাই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। শতভাগ নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে পারছি না। শিক্ষাপ্রতিষ্ঠান বলতে শুধু বিশ্ববিদ্যালয় ও কলেজ নয়, আমাদের তো বিদ্যালয়গুলো নিয়েও কাজ করতে হয়। পরিস্থিতি এখনো পর্যবেক্ষণ করছি।’ চলমান এইচএসসি পরীক্ষা শেষ করা সরকারের মূল অগ্রাধিকার উল্লেখ করে মন্ত্রী বলেন, উচ্চমাধ্যমিক পরীক্ষাটি আবার যাতে শুরু করা যেতে পারে সে পরিস্থিতিই এখন পর্যবেক্ষণ করা হচ্ছে।
