রাতের খাবার খাওয়া হলো না তুহিনের

আপডেট : ২৯ জুলাই ২০২৪, ০৮:২৬ এএম

বগুড়ার আদমদীঘির সান্তাহারে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে তুহিন (১৯) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রবিবার (২৮ জুলাই) রাত সাড়ে ১০টায় উপজেলার সান্তাহার পৌর শহরের হবির মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত তুহিন নওগাঁর রাণীনগর উপজেলার পারইল ফকিরপাড়া গ্রামের মৃত শিমুলের ছেলে। 

জানা গেছে, উপজেলার সান্তাহার পৌর শহরের একটি জায়গায় রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করছিলেন তুহিন। রবিবার রাত সাড়ে ১০টার দিকে মোটরসাইকেল নিয়ে বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় সুমন নামের এক পরিচিত ব্যক্তির বাড়িতে রাতের খাবার খাওয়ার উদ্দেশ্যে যান তিনি। পথিমধ্যে হবিড় মোড় নামক স্থানে বগুড়া-নওগাঁ মহাসড়ক দিয়ে রাস্তা পার হওয়ার সময় নওগাঁ হতে ঢাকাগামী আম বোঝাই একটি ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তিনি মারা যান।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে লাশটি উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর চালক ও হেলপার ট্রাক সেখানে রেখে পালিয়ে যায়। তবে ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে । এ ব্যাপারে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত