ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী প্রার্থী এডমান্ডো গঞ্জালেজ উরুতিয়া ৭০ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন বলে দাবি করেছেন বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো। কিন্তু ভেনেজুয়েলার জাতীয় নির্বাচন কাউন্সিল (সিএনই) নিকোলাস মাদুরো জয়ী হয়েছেন বলে জানিয়েছে। এমন ফলাফল ঘোষণার পর উদ্বেগ জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
ভেনেজুয়েলার জাতীয় নির্বাচন কাউন্সিলের প্রধান এলভিস আমোরোসো বলেন, ৮০ শতাংশ ভোট গণনা হয়েছে। এর মধ্যে মাদুরো ৫১ দশমিক ২০ শতাংশ ও তার প্রধান প্রতিদ্বন্দ্বী ৪৪ দশমিক ২ শতাংশ ভোট পেয়েছেন।
বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো বলেন, ‘পুরো বিশ্বকে আমরা এটা জানাতে চাই যে প্রতিটি সেক্টরে, দেশের প্রতিটি রাজ্যে আমরা জয়ী হয়েছি। আমরা জানি যে আজ কী ঘটেছে। আমরা যেসব তথ্য পেয়েছি, এটা নিশ্চিত করতে চাই, যে ফলাফল এসেছে, সেটা অকাট্য।’
তিনি বলেন, আমরা শুধু মাদুরোকে রাজনৈতিক, নৈতিক এবং আধ্যাত্মিকভাবে পরাজিত করিনি, আমরা তাকে ভোটের মাধ্যমেও পরাজিত করেছি সারা ভেনেজুয়েলায়।
তিনি আরও বলেন, জাতীয় সশস্ত্র বাহিনীও জানে যে জনগণের ইচ্ছাকে সম্মান করা উচিত এবং সেটাই আমরা আশা করি। সত্যের পক্ষে দাঁড়ানো সহিংসতা না। সহিংসতা হলো সত্যের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা।
এদিকে ভেনেজুয়েলার এই নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। টোকিও থেকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, আমরা ভেনেজুয়েলার এই নির্বাচন নিয়ে ব্যাপক উদ্বিগ্ন। কারণ এই নির্বাচনে যে ফলাফল ঘোষণা করা হয়েছে তাতে ভেনেজুয়েলার জনগণের ভোট বা ইচ্ছার প্রতিফলন ঘটেনি।
তিনি ভোট গণনায় স্বচ্ছতা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভেনেজুয়েলার নির্বাচন প্রক্রিয়া আন্তর্জাতিক সম্প্রদায় খুব কাছ পর্যবেক্ষণ করছে এই তারা সেই অনুযায়ী প্রতিক্রিয়া জানাবে।
তৃতীয় মেয়াদে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হলেন নিকোলাস মাদুরো