চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার অভিযোগে গ্রেপ্তার হওয়া ১৬ জন এইচএসসি পরীক্ষার্থীর জামিন মঞ্জুর করেছেন আদালত।
এর মধ্যে নগরের ১৩ জন, জেলা এলাকার তিনজন।
শুক্রবার (২ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. অলি উল্লাহর আদালত ১৩ জন ও চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলামের আদালত তিনজনের জামিন মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দীন।
চট্টগ্রাম জেলা এলাকার থানা থেকে গ্রেপ্তার যে তিনজনের জামিন মঞ্জুর করা হয়েছে তারা লোহাগাড়া, রাউজান ও বাঁশখালী থানার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী।
তিনি জানান, গ্রেপ্তার তিন এইচএসসি পরীক্ষার্থীর পক্ষ থেকে পৃথকভাবে জামিন আবেদন করা হয়। শুনানি শেষে এইচএসসি পরীক্ষার্থী বিবেচনায় দুই হাজার টাকার বন্ডে জামিন মঞ্জুর করেন আদালত।
এছাড়া সাম্প্রতিক ঘটনায় অন্য কোন এইচএসসি পরীক্ষার্থী গ্রেপ্তার হয়ে থাকলে অভিভাবকদের যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন জেলা আদালতের এই পিপি।
সহিংসতায় ৩২ শিশু নিহত, ইউনিসেফের গভীর উদ্বেগ 