রাজবাড়ী, নীলফামারী, পটুয়াখালীর দুমকি, ময়মনসিংহের ত্রিশাল, বরিশাল, গাইবান্ধা, গাজীপুরের কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ ১৩ জন নিহত ও ১১ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার এসব দুর্ঘটনা ঘটে। তবে গাইবান্ধায় নিহত ব্যক্তি বুধবার দুর্ঘটনার আহত হয়ে গতকাল মারা যান। এ ছাড়া গাজীপুরের কালীগঞ্জে নিহত ব্যক্তি বৃহস্পতিবার দুর্ঘটনায় আহত ছিলেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর :
রাজবাড়ী : বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও পাঁচজন। গতকাল সকাল সাড়ে ৭টার দিকে রাজবাড়ী-ফরিদপুর আঞ্চলিক মহাসড়কে আলাদিপুর ইউনিয়নের কামালদিয়া এলাকায় জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রাজবাড়ী শহর সমাজসেবা অফিসের সমাজকর্মী বিএম নাজিমউদ্দিন (৫০) ও ট্রাকচালকের সহকারী সাকিব (২০)। সাকিবের বাড়ি কুষ্টিয়া জেলার মোহদিপুরের ঘামলা গ্রামে। অন্যজনের পরিচয় জানা যায়নি।
নীলফামারী : পৃথক সড়ক দুর্ঘটনায় দুই সহোদরসহ চারজন নিহত হয়েছেন। গতকাল দুপুর ১২টার দিকে জেলার নীলফামারী-সৈয়দপুর সড়কের ওয়াপদা মোড়ের নয়াবাজার এলাকা সুমন ইসলাম (২৭) ও তার ছোট ভাই সিয়াম হোসেন (২২) এবং বেলা ১১টার দিকে জলঢাকা-রংপুর সড়কের কিশোরীগঞ্জ উপজেলার রণচ-ী ইউনিয়নের ধোরেয়ার বাজার নামক স্থানে আনোয়ারুল ইসলাম (৩০) ও মাজেদুল ইসলাম মতিন (৪০) নিহত হন।
দুমকি (পটুয়াখালী) : মালবাহী ট্রাকচাপায় মো. জাকির হোসেন (২৭) নামে এক এনজিওকর্মী নিহত হয়েছেন। তিনি কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) বাউফল ব্রাঞ্চের ক্রেডিট অফিসার পদে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি বরগুনা জেলার আমতলী উপজেলার মহিষকাটা গ্রামে। গতকাল সকাল সাড়ে ৬টায় দুমকি-লেবুখালী সড়কের সাতানী বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
ত্রিশাল (ময়মনসিংহ) : ট্রাকের ধাক্কায় এক ব্যাটারিচালিত অটোরিকশাচালক নিহত হয়েছেন। তার নাম বজলুর রহমান (৩৫)। তিনি উপজেলার কোনাবাড়ী চরপাড়া গ্রামের আবদুল মজিদের ছেলে। গতকাল সকালে বালিপাড়া রোড মোড়ে দুর্ঘটনাটি ঘটে।
বরিশাল : ঢাকা-বরিশাল মহাসড়কে লরি ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপচালক ও এক যাত্রী নিহত হয়েছেন। অন্য এক নারীকে আহত অবস্থায় গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল সকাল সাড়ে ৬টার দিকে বরিশাল গৌরনদী উপজেলার পৌর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। নিহত পিকআপচালক মাদারীপুর জেলার কালকিনি উপজেলার মো. মহিম (২০) ও পিকআপের যাত্রী বাকেরগঞ্জ উপজেলার আলেক হাওলাদার (৪২)। আহত হয়েছেন আলেক হাওলাদারের স্ত্রী আসমা বেগম (৩৫)।
গাইবান্ধা : সুন্দরগঞ্জ উপজেলায় মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত সামিউল ইসলাম সামু মারা গেছেন। গতকাল সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে গত বুধবার রাতে রংপুরের কাউনিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
কালীগঞ্জ (গাজীপুর) : কালীগঞ্জে গাজীপুর ইটাখোলা সড়কে সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শাকিল আহম্মেদ ওরফে আবেদ (৩৫) নামে একজন নিহত ও চালকসহ পাঁচজন আহত হন। স্থানীয়রা আহতদের দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে গাজীপুর চিকিৎসার জন্য পাঠান। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় উপজেলার জঙ্গালীয়া ইউনিয়নের দুবুরিয়ার বিশ^রোডসংলগ্ন স্বপ্নপুরী রিসোর্টের সামনে।
