কেরালায় ভূমিধসের ৫ দিন পরও নিখোঁজ ৩০০

আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ০৬:২১ পিএম

ভারতের কেরালায় ভূমিধসের ঘটনায় এখন পর্যন্ত ৩০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। তবে এখনও ৩০০ জন নিখোঁজ রয়েছেন সেখানে। এই আবহে মৃতের সংখ্যা আরও অনেকটাই বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শনিবার সকাল থেকে আবারও উদ্ধারকাজ শুরু হয়েছে। 

এদিকে রিপোর্ট অনুযায়ী, পশ্চিমবাংলার ২৪২ জন শ্রমিক কেরালায় আটকে আছেন। তাদের মধ্যে থেকে ১৫৫ জনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে। তারা সুস্থ আছেন বলে জানা গিয়েছে। এদিকে আটকে পড়া ওই শ্রমিকরা দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা। 

রিপোর্ট অনুযায়ী, সোমবার গভীর থেকেই ওয়েনাড়ের মেপ্পাদির কাছে একাধিক পাহাড়ি এলাকায় ধস নামে। রাত ১টা নাগাদ মুন্ডাক্কাই টাউনের কাছে প্রথম ধস নেমেছিল। এর ঘণ্টা তিনেক পরে দ্বিতীয় ধস নামে একটি স্কুলের কাছে। তার জেরে আশপাশের বাড়ি এবং দোকানের মধ্যে পানি এবং কাদা ঢুকে যায়। ওই এলাকায় একটি ব্রিজও ভেঙে পড়ে। তার জেরে কমপক্ষে ৪০০টি পরিবার আটকে পড়ে। একাধিক গাড়ি ভেসে যায়। এই দুর্যোগের জেরে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৩০০-র গণ্ডি ছাড়িয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত