ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ, পুলিশের গাড়ি ভাঙচুর

আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ০৬:৩১ পিএম

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধের কর্মসূচি শেষে শিক্ষার্থীরা ফেরার পথে আমর্ড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) গাড়ি ও পুলিশ বক্স ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার (৩ আগস্ট) দুপুর আড়াইটার দিকে মহাসড়কের হাতেম আলী কলেজ চৌমাথা এলাকায় এ ঘটনা ঘটে।

এর আগে দিনভর প্রবল বৃষ্টি উপেক্ষা করে বেলা ১১টার দিকে বিএম কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিল নিয়ে সাড়ে ১১টায় নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে তারা। টার্মিনালের সামনে দেড়টা পর্যন্ত অবস্থান করে বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়কের হাতেম আলী কলেজ সংলগ্ন মহাসড়কে যান শিক্ষার্থীরা। সেখানে দুপুর আড়াইটা পর্যন্ত অবরোধ করে শিক্ষার্থীরা কর্মসূচির সমাপ্তি ঘোষণা করে।

এসময় সারা দেশে আন্দোলনে শিক্ষার্থী নিহত ও আহতের ঘটনার বিচার এবং সরকারের পদত্যাগ দাবি করেন। এর আগে মহাসড়কের আমতলা মোড় এলাকায় ঘণ্টাখানেক অবরোধ করে শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের (শেবাচিম) শিক্ষার্থীরা।

সাধারণ শিক্ষার্থীরা জানায়, একটি সুশৃঙ্খল আন্দোলনে দুষ্কৃতিকারীরা ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় কোন সাধারণ শিক্ষার্থী জড়িত নয় বলে দাবি তাদের।

বরিশাল নগর পুলিশের কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, আমরা শিক্ষার্থীদের কর্মসূচিতে কোন ধরনের বাধা দেইনি। তারপরও শিক্ষার্থীরা অযথা পুলিশের উপর হামলা করেছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার প্রণয় রায় দেশ রূপান্তরকে বলেন, ‘শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে অনুপ্রবেশকারীরা এসে পুলিশের উপর হামলা চালিয়েছে এতে দুই পুলিশ সদস্য বেশি আহত হয়েছেন। এছাড়াও আরো তিনজন আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এদিকে তিন ঘণ্টা মহাসড়ক অবরোধের কারণে দুই পাশে শত শত যানবাহন আটকে যাত্রী দুর্ভোগ হয়। এ কর্মসূচিকে কেন্দ্র করে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিত ছিল। তবে শিক্ষার্থীদের কর্মসূচিতে তাদের বাধা দিতে দেখা যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত